শাকিব হুসাইন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১২:৪৩ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৫:০০ পিএম
একটা বিড়াল পুরান ঢাকায়
জোরেশোরে কাচ্চি হাঁকায়
খেতে খেতে বলল বিড়াল
সুস্বাদু এই কা কা কাচ্চি
একটা বিড়াল শর্মা খেয়ে
গলা ছেড়ে উঠল গেয়ে
ওয়েটার ভাই ঠান্ডা করে
জলদি খাওয়ান লা লা লাচ্ছি
একটা বিড়াল স্যুটে-বুটে
হিরোর মতো মঞ্চে উঠে
ধিতাং ধিতাং নেচে-গেয়ে
হুররে হুররে না না নাচছি
একটা বিড়াল বাবুর বেশে
প্লেনে চেপে ভেসে ভেসে
যেতে যেতে বলল বিড়াল
আমেরিকা যা যা যাচ্ছি
একটা বিড়াল লটারিতে
বিএমডব্লিউ গাড়ি জিতে
ফ্লাইওভারে চালিয়ে গাড়ি
কী যে মজা! পা পা পাচ্ছি
একটা বিড়াল বিষ্টি পেয়ে
বিষ্টি ভিজে নেচে-গেয়ে
সন্ধ্যেবেলায় জোরে জোরে
দিচ্ছে বসে হা হা হাঁচ্চি