খন্দকার সুহায়েব আদিব
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১১:৪৯ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১২:৩৭ পিএম
গল্পের সঙ্গে সুন্দর ছবিটি এঁকেছে সুওয়াইবা বিনতে মাহমুদ। সে ঢাকার আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
এখন বর্ষাকাল। বর্ষা আমার প্রিয় ঋতু। বর্ষা মানেই আমার কাছে ভিন্ন এক অনভূতি। এ সময়ে আমাদের দেশে প্রচুর বৃষ্টিবাদল হয়। বৃষ্টিতে মাঠঘাট ভরে থাকে। প্রকৃতিতে বর্ষার সৌন্দর্য ফুটে ওঠে আমাদের গ্রামে। আমাদের গ্রামের পাশে রয়েছে বড় একটি বিল। বর্ষার পানিতে যখন বিলটি ভরে যায় এ সময়টায় চারদিকে থইথই করে পানি। জেলেরা মাছ ধরে। ছোটবেলায় বাবাও নাকি ওই বিলে সবাইকে নিয়ে মাছ ধরত। বিলের জলে শত শত শাপলা ফুল ফোটে। সাদা শাপলায় ভরে যায় পুরো বিলটি। দেখতে খুবই চমৎকার লাগে! বিশেষ করে সকালবেলা একসঙ্গে ফুলগুলো ফুটে থাকে। বাবা আমাকে সে দৃশ্য দেখানোর জন্য প্রায়ই বিলে নিয়ে যায়। আমি বাবার সঙ্গে নৌকায় ঘুরে বেড়াই। সবজি হিসেবে শাপলার ব্যাপক চাহিদা রয়েছে আমাদের এখানে। এজন্য শাপলা ফুল তুলে আমাদের বাজারে বিক্রি করে থাকে।
শুনেছি, আমাদের বিলটি খুবই পুরোনো। প্রাকৃতিকভাবেই সৃষ্টি! প্রাকৃতিক অনেক সম্পদও রয়েছে। শাপলা, শালুক অন্য আরও নানা জাতীয় শাক ফলে এখানে। বছরের অধিকাংশ সময় এ প্রাকৃতিক সম্পদ আহরণ করে চলে জীবনজীবিকা। তবে আমি একটি বিষয়ে চিন্তিত। যেভাবে কৃষিজমি, জলাশয় ও ডোবা ভরাট হয়ে যাচ্ছে; ভবিষ্যতে আমাদের এ বিল কি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? তাই প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমিও বড় হয়ে পরিবেশ রক্ষার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলব।
পঞ্চম শ্রেণি, পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দোহার, ঢাকা