× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রক্তের অক্ষরে লেখা নাম

ওর মুগ্ধতা এখনও ছড়াচ্ছে

এস এম রাকিবুল ইসলাম

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১০:২৯ এএম

বিইউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ

বিইউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ হয়ে উঠেছিল উত্তাল। এই অস্থির সময়ে অনেক শিক্ষার্থীই হারিয়েছেন তাদের সহপাঠী বন্ধুকে। এমনই সহপাঠী বন্ধু বিইউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা স্মৃতিচারণ করেছেন তার এমবিএ সহপাঠী এস এম রাকিবুল ইসলাম

মুগ্ধর হাসিটা আমার আজীবন মনে থাকবে। এখন ফেসবুক খুললেই খালি ওর ছবিটা দেখি। এখনও মনে হয় পরের ক্লাসে আবার তোর জন্য সিট রাখব, তুই আইসা আমার পাশে বসবি, আর বলবিÑভাই প্যারা নেন কেন? মুগ্ধর সঙ্গে পরিচয়টা এমবিএ’র ক্লাসে এসেই। হাসিমাখা একটা চেহারা থাকত সব সময়। আর মাত্র কয়েক মাসের পরিচয় হলেও কেমন যেন অনেক আগে থেকেই চেনা এমন লাগত সব সময়।

বিইউপিতে ক্লাস শুরু হয় ২৩ মে, ২০২৪ সালে। আমাদের পরিচয় হয় ২৪ মে। ধূমপান করতে গিয়ে আমাদের পরিচয়। কথায় কথায় জানি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করে এসেছে। তন্ময় ভাই বলে, মুগ্ধও তোর মতো ম্যাথে পড়ছে। কথা বলে বুঝলাম তিনজনের মেন্টালিটি সেইম। এই যে আমাদের তিনজনের ফ্রেন্ডশিপ শুরু এর পর থেকে একসঙ্গে বসা। যে আগে আসবে সিট রেখে দেবে। ক্লাসের মধ্যে বারবার তিনজনের বাথরুমে গিয়ে সময় নষ্ট করা। তন্ময় ভাইয়ের অফিস ছুটি থাকলেই তিনজন আড্ডা দিতে বেরোতাম। কখনও সাগুফতা, কখনও দিয়াবাড়ী, কখনও মিরপুর-৬-এ আমার মেস। মুগ্ধ ফ্রিল্যান্সিং করে নিজেই নিজের খরচ বেয়ার করত, তন্ময় ভাই জব করত; আমিই ছিলাম শুধু বেকার। এজন্য আমি অনেক প্ল্যানে যেতে চাইতাম না। তখন মুগ্ধ বলত, ‘এখন নাই জব তো কী হইছে, একদিন না একদিন পাবি।’ ‘তন্ময় ভাই, ও নিজেরে এত ছোট করে দেখে ক্যান!’ বিল দিতে গেলে কখনও আমাকে দিতে দিত না। তন্ময় ভাই অথবা মুগ্ধ দিয়ে দিত সব সময়। মারা যাওয়ার আগের দিন আমাদের পোস্টার প্রেজেন্টেশন সাবমিটের লাস্ট ডেট ছিল। বুধবার রাত ১০টা ৭-এ শেষ কথা হয় ওর সঙ্গে। আমি বলছিলাম কাল সাগুফতায় বসব বিকালে মনে আছে? মুগ্ধর শেষ বাক্য ছিল : ওকে ওকে, মনে আছে। কে জানত এটাই আমার শেষ কথা ওর সঙ্গে।

বৃ্‌হস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০-এর দিকে তন্ময় ভাই কানতে কানতে জানায়, ‘মুগ্ধর মাথায় গুলি করছে, মুগ্ধ আর নাই।’ ওই মুহূর্তের অনুভূতি আমি কখনও বোঝাতে পারব না। শেষবারের মতো দেখতে যাই মুগ্ধর নিথর দেহ। দেখে মনে হচ্ছিল যেন ও ঘুমোচ্ছে, কিন্তু এ ঘুম ছিল অনন্তকালের জন্য। মুগ্ধ আমাদের মধ্যে না থেকেও ওর মুগ্ধতা এখনও ছড়াচ্ছে। যেখানেই থাকিস ভালো থাকিস বন্ধু।

শেষ যেদিন ক্লাস হয় সেদিনও ক্লাসের বাইরে হাসিঠাট্টা করেছি। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে ছেলেটা নেই। কিন্তু ওর স্মৃতি থেকে যাবে আজীবন। আজও চোখ বন্ধ করলে মনে হয় মুগ্ধ এই তো পাশেই আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা