× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাউন্টেন পেন

দিলরুবা নীলা

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৮:০৫ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৮:২২ পিএম

ফাউন্টেন পেন

সামান্য একটা কলমের জন্য গোয়েন্দা অফিসে? অভির ওপর বিরক্ত হয়ে কথাগুলো বলে গোয়েন্দা রাজু। কী আশ্চর্য! আমার কলম হারিয়েছে আর আমি খুঁজব না? তা ছাড়া কলমটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। অভির কণ্ঠে বিরক্তি। সামান্য একটা কলম কেন এত গুরুত্বপূর্ণ জানতে পারি? রাজু জানতে চায়। হ্যাঁ পারিস। এটা ছোট চাচ্চু লন্ডনে যাওয়ার সময় আমাকে দিয়ে গেছেন। আর বলেছেন ওটা দিয়ে লিখতে গেলেই সুন্দর সুন্দর কবিতা হয়। তা ছাড়া ওটা ‘ফাউন্টেন পেন’। এর জন্য আমি কালির দোয়াতও কিনেছি। ও, এবার বুঝতে পেরেছি। কবির কবিতা লেখার কলম হারালে সে তো খুঁজবেই। ঠিক আছে আমরা তোর কেসটা নিলাম। দীপু খাতাকলম নিয়ে তৈরি আছিস? রাজু দীপুকে বলে। হ্যাঁ তৈরি। দিপু জবাব দেয়। ওরা বসে আছে রাজুর গোয়েন্দা অফিসে। রাজু, দীপু, অপু আর মন্টু চার গোয়েন্দা রেডি অভির ঘটনা শোনার জন্য। অভি বলতে লাগল, ‘আর বলিস না গতরাতে তখন ১১টা ২০ বাজে। একটা নতুন কবিতা লিখে কলমটা টেবিলের ওপর রেখে বিছানায় গেলাম। সকালে উঠেই দেখি কলম গায়েব। একেবারে ভূতুড়ে কাণ্ড।’ বাসার কাউকে বলেছিস? অপু প্রশ্ন করে। না, কাউকে বলিনি। অপরাধী সাবধান হয়ে যেতে পারে তাই। ঠিক করেছিস। মন্টু বলে ওঠে। তুই খুঁজেছিস? রাজু জানতে চায়।

খুঁজিনি মানে? তন্নতন্ন করে খুঁজেছি। কোথাও নেই। ঠিক আছে অভি তুই বাসায় যা। আমরা কাল তোর বাসায় যাব। অভি ওদের সঙ্গে ক্লাস সেভেনে পড়ছে। পরদিন শুক্রবার। বেশ সকালে রাজু একাই যায় অভিদের বাসায়। অভির বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। রাজুকে দেখে উচ্ছ্বসিত হন তিনি। আরে রাজু গোয়েন্দা নাকি? জি আঙ্কেল। কেমন আছেন? ভালো আছি। আঙ্কেল, আমি একটা বিষয়ের ওপর লিখছি। তাই আপনার কাছে আসা। আপনারা তো আগে ফাউন্টেন পেনে লিখতেন। ওইটা বেশি ভালো নাকি বলপেনে লিখতে ভালো? শোনো বাবা । সব সময় লেটেস্ট জিনিসই ভালো। বলপেনে লেখার সুবিধা বেশি। আঙ্কেল আপনার সংগ্রহে কোনো ফাউন্টেন পেন আছে? না বাবা। ওসব এখন আর দেখি না তেমন। কথা বলতে বলতে অভির মা-ও এসে হাজির। তিনিও একই কথা বললেন। রাজু মনে মনে হিসাব মেলাল। আঙ্কেল-আন্টি কেউই কলমটি নেননি। গতকাল অভি ঘুম থেকে ওঠার আগে ওদের কাজের খালাও আসেননি। সুতরাং সন্দেহের তালিকায় বাকি রইল একজন। অভির বড় আপু মিলি। সে এবার ক্লাস নাইনে পড়ছে। রাজু চলে যায় অভির ঘরে। অভি পড়ছিল। কিরে রাজু কখন এলি? এই তো কিছুক্ষণ। মিলি আপুর সঙ্গে একটু কথা বলতে চাই। যা না আপু ওর ঘরেই আছে। তুই থাক আমি যাচ্ছি। রাজু একাই যায় মিলির ঘরে। আরে রাজু কেমন আছো? জি আপু ভালো। আপনার সঙ্গে একটু কথা ছিল। বলো। আমরা এলাকা থেকে একটা ম্যাগাজিন বের করতে যাচ্ছি। আপনি যদি একটা কবিতা দিতেন। সত্যি! মিলি আপু খুব খুশি হন। জি আপু। মিলি ঝটপট করে খাতা বের কবিতা দেখায়। এই দেখো গত রাতে লিখেছি। রাজু তাকিয়ে দেখে ফাউন্টেন পেনের নীল কালিতে লেখা একটি দারুণ কবিতা খাতাটি আলো করে বসে আছে। মিলি আপু, অভির কলমটা দিয়ে দিন। না মানে অভি বলছিল এ কলম দিয়ে লিখলেই নাকি কবিতা হয়ে যায়। তাই ট্রাই করে দেখছিলাম। মিলি আপু আমতা-আমতা করে বলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা