হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৯:৫২ পিএম
এ মৌসুমে সবার
প্রিয় সুস্বাদু ফলের মধ্যে আম অন্যতম। আম এমনিতেই খেতে অনেক মজা। তবে আম দিয়েও তৈরি
করা যায় নানা কিছু, যা স্বাদে অতুলনীয়। হেঁশেলে দেখুন বাহারি স্বাদের আমের রেসিপি

আমের সালাদ
যা যা লাগবে
: পাকা আম
১টি (কিউব করা), কাঁচা আম ১টি (কিউব করা), পনির (কিউব করা) ১/৩ কাপ, কাসুন্দি ২ টেবিল
চামচ, কাঁচা মরিচ ও পুদিনা বাটা ১ টেবিল চামচ, টালা মরিচ গুঁড়া পরিমাণমতো, বিটলবণ ও
লবণ পরিমাণমতো, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ ও ধনেপাতা পরিমাণমতো।
যেভাবে তৈরি
করবেন : একটি
পাত্রে কিউব করে কাটা পাকা ও কাঁচা আমের সঙ্গে পনির নিয়ে বাকি সব উপকরণ মেশাতে হবে।
এবার পরিবেশন পাত্রে ঢেলে ওপরে ধনেপাতা ও টালা মরিচ গুঁড়া ছিটিয়ে নিন। উপভোগ করুন মজার
স্বাদের টক-মিষ্টি-ঝাল আমের সালাদ।

পাকা আমের
রসগোল্লা
যা যা লাগবে
: ছানা ২ কাপ,
ময়দা ১ কাপ, চিনি ১ কাপ, দুধ আধা কাপ, আমের পাল্প ১ কাপ, ম্যাঙ্গো এসেন্স আধা চা চামচ,
এলাচ গুঁড়া আধা চা চামচ ও পেস্তা বাদাম ৭-৮টি।
যেভাবে তৈরি
করবেন : প্রথমে
আমের পাল্প, ময়দা ও ছানা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর হাতের তালুর সাহায্যে গোল গোল
বল তৈরি করুন। একটি হাঁড়িতে দুই কাপ পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে চিনি ও এলাচ গুঁড়া
মেশান। এবার ফুটন্ত রসে একটি একটি করে ছানার বলগুলো দিয়ে দিন। বেশি আঁচে ২-৩ মিনিট
ফোটান। এবার আঁচ কমিয়ে আরও ১০ মিনিট ফোটাতে হবে। এরপর এতে ম্যাঙ্গো এসেন্স মেশান। নামিয়ে
ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে তাতে পেস্তা কুচি করে মিশিয়ে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে
পরিবশেন করুন সুস্বাদু ম্যাঙ্গো রসগোল্লা।

আমের জেলি
যা যা লাগবে : আমের পিউরি ৪ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ ও চিনি স্বাদমতো।
যেভাবে তৈরি
করবেন : আম ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরা
করে নিন। ব্লেন্ডারে চিনি ও আমের টুকরা একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। চুলায় একটি প্যান
বসিয়ে তাতে আমের মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট জ্বাল দিন। লেবুর রস দিয়ে আরও মিনিট
দশেক জ্বাল দিতে হবে। মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে সংরক্ষণ করুন।
ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন এ জেলি।

আমের প্যানকেক
যা যা লাগবে
: আম ১টি,
ময়দা ১ কাপ, দুধ আধা কাপ, চিনি ২ টেবিল চামচ ও মাখন ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি
করবেন : প্রথমে
আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। ব্লেন্ডারে আম ও চিনি দিয়ে একটা আমের পাল্প
তৈরি করে নিন। এবার একটি বোলে মিশ্রণটি ঢেলে দুধ মিশিয়ে নিতে হবে। এর মধ্যে মাখন মিশিয়ে
এরপর ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। পাত্র গরম করে মিশ্রণটি থেকে অল্প
ব্যাটার দিয়ে ভাজতে হবে। উল্টে ভালো করে দুই পাশ সেঁকা হলে নামিয়ে টুকরো করা আম দিয়ে
পরিবেশন করুন আমের প্যানকেক।