× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ

স্নিগ্ধ লুকে সারা দিন

সুবর্ণা মেহ্‌জাবীন স্বর্ণা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৯:২১ পিএম

মডেল : শারমিন লিনা; মেকআপ : রাজিয়া’স মেকওভার; ছবি : ফারহান ফয়সাল

মডেল : শারমিন লিনা; মেকআপ : রাজিয়া’স মেকওভার; ছবি : ফারহান ফয়সাল

এই গরম তো পরক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি। আর এ সময় মেকআপ করার বড় বিপত্তি হলো ঘাম ও তেল চিটচিটে ভাব, অন্যদিকে বৃষ্টি তো আছেই। তাই মেকআপ গলে যাওয়ার আশঙ্কাও থাকে বেশি। কিন্তু রোজকার অফিসে যেতে মেকআপ তো করতেই হয়। তাদের জন্যই আজকের বিশেষ এই প্রচ্ছদ-


মিনিমাল মেকআপের ট্রেন্ড চলছে বেশ কয়েক বছর ধরে। রোজকার দিনের জন্য হোক বা কোনো অনুষ্ঠানের জন্য হোক, বিনিমাল মেকআপই আদর্শ। এই মেকআপের সবচেয়ে বড় সুবিধা হলো তা লম্বা সময় ফ্রেশ থাকে। তবে মেকআপ দীর্ঘসময় ফ্রেশ রাখতে ছোটখাটো কয়েকটি কৌশল জানতে হবে। মেকআপের আগে ত্বককে প্রস্তুত করতে হবে।

মেকআপের আগে বরফ

মেকআপের আগে বরফ! বিষয়টি কিছুটা অবাক করার মতো মনে হলেও মেকআপ দীর্ঘসময় ফ্রেশ রাখতে কৌশলটি বেশ কার্যকর, বিশেষ করে, তৈলাক্ত ত্বকের জন্য। কারণ মেকআপ গলে যাওয়ার প্রথম কারণ তেল। আর শুষ্ক ত্বকে এ সমস্যা কম দেখা যায়। তবে অতিরিক্ত ঘাম কিন্তু যেকোনো ত্বকেই ঘটাতে পারে অঘটন। তৈলাক্ত ত্বকে মেকআপের আগে বরফ ঘষে নিলে ত্বকের পোর্স বন্ধ হয়, যাতে বাড়তি তেল আসাও কমে। মেকআপ ফ্রেশ থাকে বেশিক্ষণ। শুষ্ক ত্বকে বরফের দরকার খুব একটা না পড়লেও ঠান্ডা পানিতে ভেজা তোয়ালে কিছু সময় মুখে দিয়ে রাখা ভালো। এতে ত্বক ঠান্ডা থাকে, যা মেকআপ সেট হতে সাহায্য করে।


ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন

বরফ ত্বকে লাগানোর পরে টোনার ব্যবহার করুন। তারপর টিন্টেড ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। আর শেষে দিন সানস্ক্রিন। এই টিন্টেড ময়েশ্চারাইজারই কাজ করবে ফাউন্ডেশনের বিকল্প হিসেবে। ত্বকে আনইভেন টোন থাকলেও এভাবে মিটবে সমস্যা। ত্বক দেখাবে উজ্জ্বল।

প্রাইমারের প্রাধান্য

মেকআপ শুরুর আগে প্রাইমার ব্যবহারের গুরত্ব বোঝা দরকার। প্রাইমার ব্যবহারে ত্বকের পোর্স বন্ধ হয়। মেকআপে আসে মসৃণ ভাব, যা মেকআপ অনেক সময় ধরে রাখতে প্রয়োজন। তবে গরমে তেল আছে, এমন প্রাইমার ব্যবহার করা যাবে না; বরং পানির পরিমাণ বেশি এমন প্রাইমার বেছে নিতে হবে।

কমপ্যাক্ট হোক বা ফাউন্ডেশন, বেস হতে হবে ম্যাট। হাইলাইট করা যেতে পারে চোখকে। ম্যাট আইশ্যাডো ব্যবহার করে করতে পারেন স্মোকি লুক। কাজল ও মাসকারা লাগিয়ে নিন। খেয়াল রাখতে হবে, সব মেকআপ যেন ওয়াটার প্রুফ হয়। আর দিন শেষে মেকআপ তুলতে আলসেমি নয়। ভালো করে মেকআপ তুলে নিতে হবে পুরো ফেস থেকে।

রাজিয়া সুলতানা

রূপবিশেষজ্ঞ, রাজিয়া’স মেকওভার

সিমারি প্রসাধনীকে না

গরমে গলবে না এমন মেকআপ পেতে চাইলে সিমারি যেকোনো প্রসাধনী থেকে দূরে থাকতে হবে। ক্রিম বা লোশনজাতীয় মেকআপ প্রসাধনী ও সিমারি প্রাইমার মেকআপ অল্প সময়ের মধ্যে গলে যায়। যতটা সম্ভব পাউডারজাতীয় পণ্য ব্যবহারে ম্যাট লুক আসবে।

ক্রিম আইশ্যাডো নয়

চোখে ক্রিমজাতীয় আইশ্যাডো গরমে গলবে দ্রুত। তাই যতটা সম্ভব পাউডার আইশ্যাড ব্যবহার করা উচিত। চোখে প্রাকৃতিক লুক আনতে এখন পাউডার আইশ্যাডই ব্যবহার হচ্ছে বেশি। চোখের মেকআপের ওপর ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার মেকআপ সতেজ রাখতে বেশ সাহায্য করবে। কয়েক ঘণ্টা হলেও মেকআপ গলবে না।

লিপ গ্লোস নয়

রাত বা দিনে যখনোই বাইরে যাওয়া হোক না কেন, গ্লোসি লিপস্টিক গরমে ব্যবহার করা যাবে না। আবার খুব ম্যাট লিপস্টিকও ঠোঁটে ফাঁটা ভাব আনে। তাই মাঝামাঝি ধরনের লিপস্টিকই যথাযথ। লিপস্টিক যেন গলে ছড়িয়ে না যায়, তাই লিপলাইনার ব্যবহারের কৌশল কাজে আসবে। চাইলে হালকা পাউডার দিয়ে লিপস্টিক সেট করে নিতে পারেন।

মেকআপ হবে ওয়াটার প্রুফ

কাজল, মাসকারাসহ মেকআপ কিট হিসেবে যা কিছু ব্যবহার করছেন, সেগুলো ওয়াটার প্রুফ হওয়া যে বাঞ্ছনীয়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। না হলে ঘামে, বৃষ্টিতে গলে সব পরিশ্রমই মাটি! কাজেই মেকআপ কিট কেনার সময়ই ওয়াটার প্রুফ কিট কেনার কথা মাথায় রাখুন।


মেকআপ তুলতে

যতই ক্লান্তি থাকুক না কেন, মেকআপ তুলতে হবে ভালো করে। এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারেÑ

ত্বক বুঝে মেকআপ রিমুভার

যাদের ত্বক শুষ্ক, নারকেল তেলের চেয়ে ভালো মেকআপ রিমুভার আর কিছু নেই। তৈলাক্ত ও ব্রণ হওয়ার প্রবণতা থাকলে তাদের জন্য জেল বা ক্রিমজাতীয় মেকআপ রিমুভার বা মেকআপ রিমুভিং ওয়াইপ ব্যবহার হবে আদর্শ।

ত্বকের সংবেদনশীল অংশের মেকআপ তুলতে

ঠোঁট ও চোখের অংশের ত্বক সংবেদনশীল হওয়ায় সেই অংশে মেকআপ তোলার সময় অতিরিক্ত ঘষাঘষি বা টানাটানি করা যাবে না। তুলায় অল্প ক্লিঞ্জার নিয়ে চোখের পাতা বা ঠোঁটে কিছু সময়ের জন্য ধরে রাখলেই মেকআপ তুলে ফেলা সম্ভব। এখন বাজারে চোখের জন্য বিশেষ ধরনের মেকআপ রিমুভার পাওয়া যায়। এ ছাড়া চোখ ও ঠোঁটের মতো সংবেদনশীল অংশের মেকআপ তোলার ক্ষেত্রেও নারকেল তেল বেশ কার্যকরী। ঠোঁটের মেকআপ পেট্রোলিয়াম জেলি দিয়ে তুললে যেকোনো লিপস্টিক এমনকি ম্যাট লিপস্টিকও যেমন সহজে তোলা যায়, তেমনি ঠোঁটের আর্দ্রতাও ঠিক বজায় থাকে। 

ভুল কিছু পদ্ধতি

মেকআপ তুলতে সরাসরি সাবান বা সাবানজাতীয় ক্লিঞ্জার দিয়ে মুখ ধোওয়া যাবে না। টোনার দিয়েও মেকআপ তোলা একেবারেই উচিত নয়। মেকআপ রিমুভার দিয়ে ঘষাঘষি করে মেকআপ তোলা উচিত নয়। কটন প্যাড বা কটন বলে মেকআপ রিমুভার লাগিয়ে আলতো করে তুলে নিলেই যথেষ্ট। বডি লোশন দিয়েও অনেকে মেকআপ তোলে, যা ত্বকে জ্বালাপোড়া ভাবের কারণ হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা