দুটি ছড়া
শচীন্দ্র নাথ গাইন
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৪:০৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ১৫:১১ পিএম
জ্যৈষ্ঠ শেষে আষাঢ় আসে
বৃষ্টি নামায় ঢল
মাতাল হয়ে ছুটতে থাকে
আলছাপানো জল।
কানের কাছে ভাসতে থাকে
ব্যাঙের কোরাস গান
নদীর বুকে শব্দ ঢেউয়ের
ছলাৎ ছলাৎ তান।
দূর নীলিমায় পাখনা মেলে
শ্বেত বলাকার ঝাঁক
পাতার ফাঁকে দোল খেয়ে যায়
ভেজা কালো কাক।
ফুলসৌরভ দেয় ছড়িয়ে
গন্ধ বিলোল ধূপ
পটে আঁকা ছবির মতো
স্নিগ্ধ গাঁয়ের রূপ।
সূর্য থাকে মুখ লুকিয়ে
নেই সে রোদের তাপ
চারিদিকে সবুজ শোভার
নির্মলতার ছাপ।
বৃষ্টি-কুটুম
সুশান্ত কুমার দে
বৃষ্টি-কুটুম, ঝুম-ঝুম
কালো মেঘের ধুম,
সবুজ পাতা নুয়ে মাথা
পড়ল বুঝি ঘুম।
চার ঠ্যাং কোলা ব্যাঙ
সাঁতার কাটে জলে,
টেংরা-পুঁটি, ছোটাছুটি
ডাঙায় ছুটে চলে।
মন খারাপ শীতে কাঁপ
চড়াই পাখির ছা,
দুষ্টু বুড়ি মেঘের ঘুড়ি
আমায় ছেড়ে যা!
গুড়-গুড়, বাজল সুর
মেঘকন্যার বিয়ে,
মেলল ডানা ঘুঘুরছানা
টোপর মাথায় দিয়ে!