প্রবা
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৩:০২ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
গ্রীষ্মের তীব্র গরমের পর এসেছে মেঘবাদলের দিন। ঘনঘোর এ বর্ষায় প্রকৃতি হয়ে উঠেছে আরও সতেজ। এই সময়ে গাছে গাছে ফুটেছে সাদা রঙের ফুল। তাই তো কয়েকজন ছড়াকার ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিয়েছেন প্রিয় এ ঋতুর রূপ। এখন পড়ে দেখি বর্ষাদিনের ছড়া…
বৃষ্টিভেজা
রোমেন রায়হান
আহা তুমি কী অভাগা!
গাড়ির ভেতর বসা
ভাবছ কখন রিকশা এসে
লাগিয়ে দেয় ঘষা!
আতঙ্ক যার ভেতর থাকে
সে থাকে প্রবলেমে
খেয়াল করে দেখছ না যে
বৃষ্টি গেছে নেমে?
বৃষ্টি এসে পড়ছে তোমার
গাড়ির কালো কাচে
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁবে!
সুযোগ কি আর আছে?
গাড়ির ভেতর আটকে থেকে
কেউ কি সুখে থাকে?
মাটির ওপর বৃষ্টি পড়ার
সুবাস কি পাও নাকে?
বৃষ্টি ভিজে সর্দি হবে?
পড়তে হবে জ্বরে?
তেমন হলে বর্ষা এলেই
থাকত সবাই ঘরে!
এই যে দেখো! ভিজছি আমি
সর্দি-কাশি ভুলে
এই যে দেখো! বৃষ্টি কেমন
পড়ছে আমার চুলে!
বৃষ্টি ভেজার আনন্দকে
করছ কেন খাটো?
হুডটা ফেলে রিকশা চড়ো
কিংবা ভিজে হাঁটো!
বন্ধু
আমির খসরু সেলিম
তুমি আমার বন্ধু হবে নদী?
আমার তেমন বন্ধু তো নেই কেউ,
বন্ধু আমার চাইবে হতে যদি
আমার কাছে পাঠাও তোমার ঢেউ।
তুমি আমার বন্ধু হবে পাখি?
ব্যস্ত এখন! সময় পাবে কবে?
আমি ভীষণ একলা হয়ে থাকি
খেলব দুজন দারুণ মজা হবে।
তুমি আমার বন্ধু হবে ফুল?
দুজন মিলে বাড়িয়ে নেব গতি
আদর করে উঠিয়ে গাছের মূল
আমরা হঠাৎ হলাম প্রজাপতি!
তুমি আমার বন্ধু হবে মেঘ?
যাচ্ছো কোথায়? সঙ্গে নিয়েই যাও।
তুলোর মিছিল তোমার গতিবেগ
একটু বলো, বন্ধু হতে চাও?
ব্যস্ত ভীষণ মেঘ নদী ফুল পাখি
তাই তো আমি একলা বসেই থাকি,
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি রাতে
স্বপ্নে পাহাড় খেলল আমার সাথে।
বৃষ্টিদিনের শৈশব
মাসুম আওয়াল
নেই নীল নীল নেই ঝিলমিল,
আজ মেঘ মেঘ নেই খিলখিল।
আলো কম কম আজ থমথম,
এই ঝরঝর এই ঝমঝম।
মন ভার ভার আজ কার কার,
মেঘ যাবে ঠিক বাড়ি তার তার।
হাত পাতলেই ভিজে মাতলেই,
মন চঞ্চল হবে অতঃপর।
আজ হইহই আজ হইচই।
বৃষ্টির দিন সুখ থইথই,
গতকাল সে ছিল আলসে।
আজ চঞ্চল সে অবশ্যই,
আজ মেঘ মেঘ আজ ঝরঝর,
আজ কবিতারা যাবে ঘর ঘর।
আজ সুখ সুখ আজ উৎসব,
আজ বেরিয়ে পড়বে শৈশব।
জলের ছিটা
সুমন মাহমুদ
ব্যালকনিতে দাঁড়িয়ে
হাত দুখানা বাড়িয়ে
মাখছি জলের ছিটা
লাগছে দারুণ মিঠা!
জলের ছিটা মেখে
পাতাতে জল এঁকে-
শুনছি হাওয়ার বাঁশি,
বৃষ্টি ভালোবাসি।
মেঘবরণ
শাকিব হুসাইন
কাঠফাটা রোদ শেষে আবার
মেঘলা হলো আকাশ
খলসে বলে- ও কোলাব্যাঙ
কোথায় যে তুই তাকাস!
ওপরে দেখ আকাশ কালো
এই তো বুঝি এলো...
বরণডালা সাজিয়ে আন
বুদ্ধিটা তোর গেল।
কইরে তোরা পাবদা, মলা
কাতল, মৃগেল, পুঁটি...
নামল বুঝি ঝুপুরঝুপুর
একটু পরেই ছুটি...
গুড়ুম গুড়ুম ডাকল দেয়া
বিষ্টি এলো বিষ্টি
কইরে তোরা দেখ চেয়ে দেখ
ইষ্টি এলো ইষ্টি।
ও কোলাব্যাঙ গান ধর তুই
নানা রকম ধরন
আজকে সবাই নেচে-গেয়ে
করব বিষ্টিবরণ