শেখ জহুরুল হক, তালা (সাতক্ষীরা)
প্রকাশ : ১২ জুন ২০২৪ ১০:১০ এএম
বাবা-মায়ের সঙ্গে আমেনা খাতুন। প্রবা ফটো
সাতক্ষীরার তালা উপজেলার মেধাবী শিক্ষার্থী আমেনা খাতুন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না। যে টাকার প্রয়োজন সেটা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না।
উপজেলার মাগুরা গ্রামে আমেনার বাড়ি গিয়ে জানা যায়, তার বাবা কুদ্দুস আলী সরদার একজন দিনমজুর। মা মর্জিনা বেগম রাইস মিলে শ্রমিকের কাজ করেন। কুদ্দুস সরদার বলেন, ‘আমার এ ভিটেবাড়ি ১২ শতক জমির ওপর। তা-ও আমার ভাইয়ের সঙ্গে মামলা চলছে। আমি মেয়ের লেখাপড়ার খরচ কীভাবে জোগাড় করব? তাই আপনারা যদি পত্রিকায় দিয়ে আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন তাহলে মেয়েটা তার জীবনটা গড়তে পারবে।’
আমেনা খাতুন এসএসসিতে এ+ ও এইচএসসিতে মাগুরা আইডিয়াল মহিলা কলেজ থেকে গোল্ডেন এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
আমেনা বলেন, ‘আমি গুচ্ছে ৭২৫তম স্থানে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮১৩ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০৯৩তম স্থান পেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছি না। আমার বাবা-মার পক্ষে অর্থ যোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার ভর্তির সুযোগ করে দেন তাহলে আমি আমার ভবিষ্যৎ গড়তে পারব।’ ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চান আমেনা।
মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ বলেন, ‘আমেনা মেধাবী ছাত্রী। আমাদের কলেজ থেকে আমেনার কাছ থেকে কোনো বেতন নেওয়া হয়নি। আমি ও কলেজের সব শিক্ষক-শিক্ষিকা আমেনার সফলতা কামনা করছি।’
মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ময়নুল ইসলাম বলেন, ‘আমেনা মেধাবী ছাত্রী। তার বাবা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মাগুরাবাসীর মুখ উজ্জ্বল করবে।’