হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৫:১৪ পিএম
রেসিপি : রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম; ছবি : ফারহান ফয়সাল
ঈদুল আজহায় গরু-খাসির মাংস তো থাকবেই, তবে এ গরমে ঈদের দুপুর কিংবা রাতে মেহমানদারিতে রাখতে পারেন এমন কিছু আইটেম যা খেতে যেমন সুস্বাদু অন্যদিকে রান্না করা যায় সহজেই। ঈদ আয়োজনের বিশেষ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম

নারকেল পোলাও
যা যা লাগবে
পোলাউ চাল ২ কাপ, নারকেলের দুধ ৩ কাপ, পানি ১ কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ (কুচি) আধা কাপ, তেজপাতা ১টি, তেল ৩ টেবিল চামচ, ঘি ২ চা চামচ, চিনি ১ চা চামচ, জাফরান গোলানো দুধ ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
পাত্র গরম করে তাতে প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে চিনি মেশাতে হবে। একই পাত্রে তেজপাতা, চাল, আদা-রসুন বাটা, লবণ দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা হলে তাতে নারকেলের দুধ ও পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। পানি বলক এলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে চাল সেদ্ধ হলে ওপরে জাফরান দুধ দিয়ে পাঁচ মিনিট দমে রেখে ঘি এবং চিনি মাখানো বেরেস্তা ছিটিয়ে দিন। তৈরি মজাদার নারকেল পোলাও।

মাটন শাহি কোরমা
যা যা লাগবে
খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ (কুচি) আধা কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, শাহি জিরা আধা চা চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লিকুইড দুধ ১ কাপ, চিনি ১ চা চামচ, লবণ ১ চা চামচ, টকদই ২ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রি গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৩ টুকরো, এলাচ ৪-৫টি, লং ৪-৫টি, কালোমরিচ গুঁড়া ১ চা চামচ, পানি আধা লিটার, বেরেস্তা আধা কাপ, কেওড়া জল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে ঘি, চিনি, বেরেস্তা, কেওড়া পানি, গুঁড়া দুধ ও লিকুইড দুধ বাদে সব উপকরণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা। একটি পাত্রে চুলায় মাঝারি আঁচে মাংস দিয়ে রান্না করতে হবে। মাংস আধা সেদ্ধ হলে তাতে লিকুইড দুধ ও বেরেস্তা দিয়ে পানি শুকিয়ে মাংস সেদ্ধ হলে কষিয়ে নিন। এরপর গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে ঢেলে সামান্য পানি কেওড়া জল দিয়ে বলক এলে নাড়তে হবে। একদম মৃদু আঁচে দমে রাখতে হবে। মাংস ভালোভাবে সেদ্ধ হলে নামানোর আগে ঘি দিয়ে নেড়ে নামিয়ে বেরেস্তা ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

বিফ বাদাম
কাবাব
যা যা লাগবে
কিমা বানাতে
: বিফ কিমা
আধা কেজি, বুটের ডাল ৪০০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ ১ চা
চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মরিচ
গুঁড়া দেড় চা চামচ, শুকনা মরিচ ৩-৪টি, তেজপাতা ২টি, জায়ফল গুঁড়া আধা চা চামচ, জয়ত্রি
গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ (কুচি) ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পানি
১ লিটার, টক দই ২ টেবিল চামচ ও বাদাম বাটা ২ টেবিল চামচ। কাবাব বানাতে : পেঁয়াজ
বেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচ (কুচি) ১ চা চামচ, ধনেপাতা (কুচি) ২ টেবিল চামচ, পুদিনাপাতা
(কুচি) ৩ টেবিল চামচ, ডিম ১টি, বাদাম (কুচি) ৩-৪ চা চামচ ও ভাজার জন্য তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
কিমা বানানোর সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটি পাত্রে মৃদু আঁচে চুলায় জ্বাল দিয়ে সেদ্ধ করতে হবে। ডাল ও কিমা সেদ্ধ হয়ে নরম মাখামাখা হলে নামিয়ে ঠান্ডা করে শিলপাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার বাটা কিমার সঙ্গে কাবাব বানানোর সব উপকরণ মাখিয়ে টিকিয়ার আকৃতিতে বানিয়ে নিতে হবে। এরপর পাত্রে তেল গরম করে তাতে টিকিয়া ভেজে গরম গরম পরিবেশন করুন।

মিক্সড সবজি
যা যা লাগবে
মুরগি (টুকরো) আধা কাপ, চিংড়ি (মাঝারি) ৮-১০টি, পেঁপে আধা কাপ, গাজর আধা কাপ, লাউ আধা কাপ, ঝিঙে আধা কাপ, বরবটি আধা কাপ, চিচিঙ্গা আধা কাপ, পেঁয়াজ (ফালি) আধা কাপ, কাঁচা মরিচ ৩-৪টি, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা দেড় চা চামচ, বাটার ২ টেবিল চামচ, দুধ আধা কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সয়াসস ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি আধা চা চামচ, চিকেন পাউডার ১ চা চামচ, ডিম ২টি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে সব সবজি ধুয়ে স্লাইস করে নিন। একটি পাতিলে পানি ফুটিয়ে সবজিগুলো দিয়ে এক বলক উঠলে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। পেঁয়াজ ছিলে খুলে নিতে হবে। এখন পাত্রে এক চা চামচ বাটার দিয়ে চিংড়ি ভেজে তুলে নিন। বাকি বাটার, আদা-রসুন বাটা, মুরগির টুকরো একসঙ্গে নেড়ে গোলমরিচ গুঁড়া, সয়াসস, লবণ, চিনি, চিকেন পাউডার, পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে সবজিগুলো দিন। সবজি নিজের পানিতেই বাকি সেদ্ধ হবে। ভাজা চিংড়ি দিয়ে নাড়তে হবে। দুধে ডিম ফেটে সবজির মধ্যে ঢেলে নাড়তে হবে; এতে ডিমটি সুন্দরভাবে জমে যাবে। এবার কাঁচা মরিচ ফালি দিয়ে দিন। কর্নফ্লাওয়ার পানিতে গুলে ওপরে দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু মিক্সড সবজি।