× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে উচ্চশিক্ষা

সাত দেশের সাত বৃত্তির খোঁজ

সাবিহা বহ্নি

প্রকাশ : ০২ জুন ২০২৪ ১১:৫৩ এএম

সাত দেশের সাত বৃত্তির খোঁজ

উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার স্বপ্ন আমাদের অনেকেরই। সব রকম প্রস্তুতি থাকলেও সঠিক তথ্য না জানার কারণে আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। দেশ বা বিশ্ববিদ্যালয়ভেদে নিয়মিতই প্রতি বছর কিছু বৃত্তি দেওয়া হয়। এখানে থাকছে বিভিন্ন দেশের বৃত্তির হালনাগাদ তথ্য। সময়সীমার কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে পারেন এখন থেকেই। বিস্তারিত লিখেছেন- সাবিহা বহ্নি

যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে ফেলোশিপ

ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমন নিজের অভিজ্ঞতাও অন্যদের জানানো যায়। তেমনই সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড রেডক্লিফ ফেলোশিপ। এ ফেলোশিপে আবেদনের সুযোগ পাবেন বাংলাদেশিরাও।

বাংলাদেশের বিজ্ঞানী, লেখক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করছেন (ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে), তারা হার্ভার্ড রেডক্লিফে ফেলোশিপ করার সুযোগ পাবেন। নয় মাসের এ ফেলোশিপের জন্য ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ ৯৮৫ টাকা। ১ মার্কিন ডলার সমান ১১৭ দশমিক ২১ টাকা ধরে (২৭ মে’র হিসাব)। এর সঙ্গে থাকছে মাসিক স্টাইপেন্ড, থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং নিজের গবেষণার খরচসহ অন্য সব সুবিধা। আগ্রহীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে জে-১ ভিসা। বিজ্ঞানী থেকে ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও লেখকদের দিতে হবে নিজের কাজের নমুনা। যারা শিল্পী হিসেবে আবেদন করবেন, তাদের দিতে হবে নিজের কাজের ভিডিও এবং চিত্রশিল্পী হলে নিজের কাজের চিত্র।

আবেদন কীভাবে : এ ফেলোশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত পাওয়া যাবে Harvard Radcliffe Fellowship 2024-25Ñএর ওয়েবসাইটে। এ সাইটে যাওয়ার পর নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি আইডি তৈরি করতে হবে। এরপর আবেদনের প্রক্রিয়ার জন্য আবেদনপত্র পাওয়া যাবে। সবকিছুই হবে অনলাইনে। আবেদনের সঙ্গে দিতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের তিনজনের সুপারিশপত্র। আবেদনের প্রক্রিয়া নিয়ে কোনো কিছু জানতে চাইলে [email protected]তে ইমেইলে যোগাযোগ করতে হবে।

আবেদন শেষ কবে : আর্টিস্ট ও সাংবাদিকদের আবেদন পাঠানোর শেষ সময় আগামী ১২ সেপ্টেম্বর। বিজ্ঞানী থেকে গণিতবিদ ও ইঞ্জিনিয়ারদের প্রতি আগ্রহীদের আবেদন পাঠানোর শেষ সময় ৩ অক্টোবর।

অক্সফোর্ডের বছরে ২৮ লাখ টাকার রোডস বৃত্তি

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর ও পিএইচডিতে এ বৃত্তি নিয়ে পড়তে পারবেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। সম্পূর্ণ বিনামূল্যে পড়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তির নাম ‘রোডস স্কলারশিপ’। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বছরের ৩ জুন থেকে ১ আগস্টের মধ্য এ আবেদন করা যাবে।

সুযোগসুবিধা : সম্পূর্ণ টিউশন ফি মিলবে। আবাসনসুবিধা থাকবে। উপবৃত্তি হিসেবে বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ ৬৪ হাজার ১১ টাকা) পাবেন। (১ পাউন্ড সমান ১৫০ টাকা শূন্য ১ পয়সা ধরে, ২৯ মে বিকালের হিসাবে)। বিমানে যাতায়াতের টিকিট। ভিসা ফি ও স্বাস্থ্যবীমাও পাবেন।

যোগ্যতা : আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছর হতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। ইংরেজিতে আইইএলটিএসের দক্ষতা সনদ লাগবে।

প্রয়োজনীয় নথিপত্র : জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি। একাডেমিক সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, সিভি। ইংরেজিতে দক্ষতা সনদ (আইইএলটিএস) ও রেফারেন্স লেটার।

আবেদনপ্রক্রিয়া : অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতেÑ www.rhodeshouse.ox.ac.uk/scholarships/the-rhodes-scholarship/

কানাডা : এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ

কানাডা সরকারের অর্থায়নে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে এ বৃত্তির আওতায়। স্কলারশিপটি দেওয়া হয় কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আনুষ্ঠানিক সংস্থা ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে উন্নয়নশীল কয়েকটি দেশের আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। এশিয়া থেকে আছে মাত্র তিনটি দেশ- বাংলাদেশ, নেপাল, তাইওয়ান।

এ স্কলারশিপে কী কী সুবিধা : যারা এ বৃত্তির জন্য মনোনীত হবেন, তারা ১০ হাজার ২০০ কানাডিয়ান ডলার পাবেন চার মাসের জন্য। পুরোটা ট্যাক্স ফ্রি! ছয় মাসের রিসার্চের জন্য যে মাস্টার্সের শিক্ষার্থীরা আসবেন, তারা ১২ হাজার ৭০০ কানাডিয়ান ডলার পাবেন। স্কলারশিপটির স্কিম অনুযায়ী শিক্ষার্থীর কোনো টিউশন ফি থাকবে না কানাডায় এই এক সেমিস্টার পড়ার জন্য। তাই এ টাকা দিয়ে মূলত ভিসা ফি, আসা–যাওয়ার প্লেনের টিকিট, থাকার খরচ, হেলথ ইনস্যুরেন্সসহ আনুষঙ্গিক সব খরচ বহন করা হবে।

বিস্তারিত : www.educanada.ca/index.aspx?lang=eng

রাশিয়া : সরকারি বৃত্তি

শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে সেজন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।

আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ যোগ্যতা।

আবেদনের সময় : সেপ্টেম্বর-ফেব্রুয়ারি

বিস্তারিত : od.globaluni.ru/en/register.php

চীন : সিএসসি বৃত্তি

চায়নিজ স্কলারশিপ সেন্টারের বৃত্তির মাধ্যমে চীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। বৃত্তিপ্রাপ্তদের চীনা ভাষা শেখানো হয়।

আবেদনের যোগ্যতা : ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময় : ডিসেম্বর-ফেব্রুয়ারি

বিস্তারিত : bd.china-embassy.org/eng/ sghd/t1720796.htm

জাপান : প্রয়োজন নেই আইইএলটিএস-টোফেল

জাপান সরকার নানা বৃত্তি দেয়। এর একটি হলো মেক্সট টাইটেক স্কলারশিপ। এ স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি ছাড়াই টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতকোত্তরের সময়সীমা দুই বছর ও পিএইচডির জন্য তিন বছর। আবেদন বা ভর্তি হতেও কোনো ফি লাগে না। মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াত খরচসহ নানা ধরনের সুযোগসুবিধা মেলে এ বৃত্তি পেলে। আইইএলটিএস কিংবা টোফেল ছাড়াই করা যায় আবেদন। অন্য অনেক বৃত্তিতেই এ সুবিধা সচরাচর থাকে না। বিশ্ববিদ্যালয়ে কোনোরকম টিউশন ফি, পরীক্ষা ফি বা অন্য কোনো ফি দিতে হয় না। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যাবতীয় ফি মওকুফ আর পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি আর অন্যান্য ব্যয়ভার বহন করে দেশটির শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রণালয়।

যেসব বিষয় নিয়ে পড়া যাবে : গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত ও কম্পিউটিং সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

আবেদনপ্রক্রিয়া : এ বৃত্তি পেতে হলে ডাকযোগে বা সরাসরি টোকিও বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া ও বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে : www.titech.ac.jp/english/admissions

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ

অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এ বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এ বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা : স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

সংযুক্তি : আইইএলটিএস ৬.৫ স্কোর

আবেদনের সময় : ফেব্রুয়ারি-এপ্রিল

বিস্তারিত : australiaawardsbangladesh.org/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা