প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:১২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:২২ পিএম
কৃষিপণ্য উৎপাদন, বিপণনের সঙ্গে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের সচেতন হতে পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে উৎপাদন বাড়ানোর সঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম ফসলের জাত ও প্রযুক্তি ও উদ্ভাবন করতে হবে। দেশের জীববৈচিত্র্য রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করতেও পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির জাতীয় সম্মেলন ও সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশমন ও অভিযোজন--উভয় ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে হালনাগাদ এনডিসিতে ২১ দশমিক ৮৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে কৃষি খাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষিক্ষেত্রে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির ব্যবহার, ধানের নতুন প্রজাতির উদ্ভাবন ও উন্নয়ন, সারব্যবস্থাপনা এবং উন্নততর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে কার্বন ও মিথেন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি অর্থনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আরও বক্তব্য দেন কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, সাবেক সিনিয়র সচিব এবং সম্মেলন ও সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মেসবাহুল ইসলাম। সেমিনারে সারমর্ম উপস্থাপন করেন অধ্যাপক ড. মিহির কুমার রায় ও অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রবা/রসি/এমআই