প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৮:৪৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৯:২১ পিএম
দেশে এ বছর পাটবীজের চাহিদা রয়েছে ৬ হাজার ৪০০ টন। এর বিপরীতে ৫ হাজার ২০০ টন বীজ আমদানির অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূঁইয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২ মার্চ (বৃহস্পতিবার) কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় ওই সিদ্ধান্ত হয়।
কৃষি মন্ত্রণালয় জানায়, এ বছর পাট ও পাট জাতীয় (মেস্তা ও কেনাফ) ফসলের বীজের বার্ষিক চাহিদা রয়েছে ৬ হাজার ৩৬৯ টন। এরমধ্যে বিএডিসি সরবরাহ করবে ১ হাজার ৩০০ টন বীজ। প্রায় ৫ হাজার ২০০ টন বীজ ভারত থেকে আমদানি করতে অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৬০০ টন তোষা পাটের জাত জেআরও-৫২৪ এবং ৫৭৬ টন মেস্তা/কেনাফের বীজ রয়েছে।
২০২৩-২৪ বছরে প্রায় ৭ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে পাট, মেস্তা ও কেনাফ ফসল চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২০২২-২৩ উৎপাদন বছরে ৫ হাজার টন পাটবীজের আমদানির অনুমতির বিপরীতে প্রকৃত আমদানি হয়েছিল ৪ হাজার ১৬৬ টন।
জাতীয় বীজ বোর্ডের একই সভায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি তোষা পাট ও একটি কেনাফের জাত ছাড়করণের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া ব্রি উদ্ভাবিত দুটি ধানের জাত ছাড়করণ করা হয়।