মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৪ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম
জামালপুরের মাদারগঞ্জের ভুট্টার ভালো ফলন হয়েছে। প্রবা ফটো
জামালপুরের মাদারগঞ্জে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় ভুট্টা চাষ করে নিজেদের ভাগ্য ফেরাচ্ছেন চরাঞ্চলের দরিদ্র চাষিরা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন এ উপজেলায় ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতি বছরই ভুট্টা চাষে নতুন নতুন রেকর্ড গড়ছে চাষিরা। চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাদারগঞ্জের চর শুভগাছা, সূখনগরী, ফুলজোড়, হাটমাগুড়া, মির্জাপুর, নব্যচর, আটাত্তর চর, জোনাইল, বাগলেরগড়, মহিষবাথান, জটিয়ারপাড়া, ঝাড়কাটাসহ বিভিন্ন এলাকায় ভুট্টা চাষ হয়েছে। মাঠের পর মাঠ শুধু ভুট্টাক্ষেত। সবুজ রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। গাছে গাছে আসতে শুরু করেছে ভুট্টার মোচা। চাষিরা বাম্পার ফলনের আশায় মাঠে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। পুরুষের পাশাপাশি নারীদেরও কাজ করতে দেখা যায়।
মাদারগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার ৩৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এবার ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১০০ হেক্টরে। ভুট্টা চাষে খরচ কম, অথচ ফলন ও দাম বেশি হওয়ায় চাষিদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। গত ৮ বছরের এ উপজেলায় ভুট্টার আবাদ বেড়েছে প্রায় ২০ গুণ।
জোনাইল এলাকার ভুট্টা চাষি জোবাইদুল ইসলাম জানায়, ‘এবার ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। বাজারে ভুট্টার চাহিদা ও দাম বেশি হওয়ায় লাভবান হওয়া যায়।'
আটাত্তর চর এলাকার চাষি সাইদুর রহমান বলেন, 'ধানের চেয়ে কম খরচ করে দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায়। বিগত বছরগুলোতে ভুট্টা চাষ করে আমার পরিবারে স্বচ্ছলতা ফিরেছে। এবারও ভুট্টার আবাদ করেছি, আশা করি ভালো ফলন হবে।'
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা আবাদ হয়েছে। সব ধরনের ফসল উৎপাদনে আমরা চাষিদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। ভুট্টা চাষে খরচ অনেক কম, কিন্তু দাম অনেক ভালো। সেই সঙ্গে ভুট্টার গাছ গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে বাজারে ভুট্টার চাহিদাও অনেক বেশি। ভুট্টা একটি লাভজনক ফসল। আবহাওয়া অনুকুলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।’