কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ১৯:১৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২২ ২১:০৬ পিএম
ধানের চারা বুনছেন কৃষকরা। ছবি : সংগৃহীত
কুমিল্লা জেলার বুড়িচংয়ে গত বছরের তুলনায় এ বছর ২১০ হেক্টর জমিতে আউশের আবাদ বৃদ্ধি পেয়েছে। অনাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের পরও কৃষকরা ভালো ফলনের স্বপ্ন দেখছেন। প্রায় ১০০০ মেট্রিক টন অতিরিক্ত ধান যুক্ত হতে যাচ্ছে দেশের খাদ্যভান্ডারে।
উপজেলা কৃষি অফিসের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল হিসেবে মৌসুমি পতিত এ ২১০ হেক্টর জমি আউশ আবাদের আওতায় এসেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ভারেল্লা দক্ষিণ, পীরযাত্রাপুর, বাকশিমূল ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন মাঠের মৌসুমি পতিত জমিতে এ বছর আউশ আবাদ হয়েছে। তার মধ্যে বাকশিমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ১০ হেক্টর, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামে ৪ হেক্টর ও বুড়িচং ইউনিয়নের হরিপুর গ্রামে ৩ হেক্টর নতুন আউশের মাঠ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লাভজনক আউশ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে ৭০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, ৮০ জন কৃষকের মাঝে ফলোআপ বীজ সহায়তা ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে ১২০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, বৃষ্টির পানিতে চাষ হয় বিধায় আউশ ধান আবাদের খরচ তুলনামূলক কম। গত বছর ৪১০০ হেক্টর জমিতে আউশ অর্জিত হয়েছিল। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১০ হেক্টর।
প্রবা/ইউরি/জেআই