আউশ কাটা শুরু
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২২ ১৫:৪০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২২ ১৫:৪৮ পিএম
আউশ ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ছবি: সংগৃহীত
নওগাঁ জেলার ১১টি উপজেলায় ২ হাজার ২২০ হেক্টর জমিতে এবার আউশ ধানের চাষ হয়েছে। গতকাল বুধবার থেকে এসব ধান কাটা শুরু করেছেন চাষিলা। ধান কাটা শেষ করতে আরও ২০ দিন সময় লাগবে বলে জানা গেছে। চলতি বছর আবাদ হওয়া জমি থেকে ২ লাখ ৪৯ হাজার ৭৫০ টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এ ধান থেকে এক লাখ ৬৬ হাজার ৫০০ টন চাল পাওয়া যাবে।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, আউশ ধান কাটার পর কৃষকরা সে জমিতে স্থানীয় জাতের রোপা আমন ধানের চারা রোপণ করবেন। এর মধ্যে কিছু কিছু জমিতে রবি ফসল সরিষা চাষ করবেন।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানিয়েছেন, এ বছর জেলায় মোট ৫৫ হাজার ৫০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। কৃষকরা চলতি মৌসুমে ব্রি-ধান ৪৮ জাতের আউশ ধান সবচেয়ে বেশি চাষ করেছেন। চাষ করা ধানের অন্য জাতগুলো হচ্ছে, ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৫৬, ব্রিধান- ৫৬, ব্রিধান ৬৫, ব্রিধান-৮২, ব্রিধান-৮৫, বিনা-১৯, পারিজা, বিআর-২১ এবং জিরা জাতের ধান রয়েছে।
জেলার সদর উপজেলায় ৩৬৯৫ হেক্টর, রানীনগর উপজেলায় ১১৫০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৭২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৫৬০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৩ হাজার ১১০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৬৮৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২২৮০ হেক্টর , সাপাহার উপজেলায় ৭৯৫ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর এবং নিয়ামতপুর উপডজেলায় ৯১২০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।
কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি হেক্টর জমিতে ৪ দশমিক ৫ টন হিসাবে জেলায় এ বছর মোট আউশ ধান উৎপাদিত হবে ২ লাখ ৪৯ হাজার ৭৫০ টন। প্রতি বিঘা থেকে ৩ টন হিসেবে চাল উৎপাদিত হবে এক লাখ ৬৬ হাজার ৫০০ টন।
প্রবা/আরএম/