প্রবা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:০১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:৩৩ পিএম
ছবি : প্রবা
গাজীপুরের পাঁচটি উপজেলায় ৫৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। জেলা কৃষি অফিস বলছে, চলতি বছর ৪ লাখ ৪২ হাজার ৯৯০ টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি অফিস জানায়, জেলার কালিয়াকৈর উপজেলায় ১০ হাজার ১৬৫ হেক্টর, শ্রীপুরে ১১ হাজার ৫০০ হেক্টর, কাপাসিয়ায় ১৩ হাজার হেক্টর, কালীগঞ্জে ১০ হাজার হেক্টর ও গাজীপুর সদরে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে।
গাজীপুরের সদর উপজেলার বারিয়া এলাকার কৃষক আফসার আলী বলেন, ‘গত মৌসুমে বোরো ধানের ফলন ও বাজারমূল্য ভালো পাওয়ায় এ বছরও বোরো চাষ করেছি। আশা করছি, গত বছরের মতো এ বছরও ফলন ও বাজারমূল্য ভালো পাব।’
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার আরেক কৃষক মোতালেব মিয়া বলেন, ‘চাষাবাদের খরচ আগের তুলনায় বেড়ে গেছে। তারপরও এ বছর ২০ বিঘা জমিতে বোরো চাষ করেছি। ফলন ভালো না হলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।’
গাজীপুর জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বোরো চাষের জন্য এ বছর গাজীপুর জেলায় ২১ হাজার ৫০০ কৃষককে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার কীটনাশকের সুবিধা দিয়েছি আমরা। এর মধ্যে ১০ হাজার কৃষককে উচ্চফলনশীল এবং ১১ হাজার ৫০০ কৃষককে উফসী জাতের বীজ দেওয়া হয়েছে।’
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া, মনিপুর ও বাড়িয়ায় দেখা গেছে, কৃষকরা এখন বোরো ধান রোপণ নিয়ে ব্যস্ত সময় পার করছে।
কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী, মকস বিল, গাবচালা, শৈলাখালি, মজিদচালা, বৈরাগীচালা, বাশতলি, গাবতলি, নামশুলাই, চাবাগান, অলিয়ারচালা, হাওরিয়াচালা, সাকশ্বরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে বোরোর আবাদের কাজে ব্যস্ত কৃষকরা।
তবে কৃষি উপকরণের দাম বাড়ার ফলে চাষিরা ক্ষতির ভয়ে আবাদের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন বলেও জানালেন কেউ কেউ। আবার শিল্প এলাকার কৃষকরা কারখানার বর্জ্যের কারণেও বোরো আবাদ করেননি।
এ বছর নতুন জাতের ধান ব্রি-৮৯ ও ব্রি-৮১, হাইব্রিড-১২০৩, বিনা-১০ ও বিনা-১৪ জাতের বীজ কৃষকদের বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ব্রি-২৬, ২৮, ২৯ ব্রি হাইব্রিড, বিআর ৩, বিআর ১৪ জাতের ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। পুরাতন জাতের মধ্যে ব্রি-৩৯, ব্রি-২২ রয়েছে।