× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘেরের আইলে সবজি চাষে স্বাবলম্বী রামপালের কৃষকরা

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

ঘেরের আইলে সবজি চাষে স্বাবলম্বী রামপালের কৃষকরা

বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় মাছের ঘেরের আইলে সবজি চাষ করে ভাগ্য বদলাচ্ছেন স্থানীয় কৃষকেরা। আগে যে জমি বছরের বেশিরভাগ সময় পতিত পড়ে থাকত, এখন সেই জমিতে সারা বছর চাষাবাদের মাধ্যমে বাড়তি আয় করছেন কৃষকরা। এতে তাদের জীবনে আসছে আর্থিক স্বচ্ছলতা, বদলাচ্ছে রামপালের গ্রামীণ অর্থনীতি।

উপজেলার গৌরম্ভা, পেড়িখালী, রামপাল সদর, রাজনগর, বাইনতলা, উজলকুড়, হুড়কা, মল্লিকের বেড় ও ভোজপাতিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে- ঘেরের আইলে চাষ করা হয়েছে লাউ, করলা, ঢেঁড়স, ঝিঙা, শসা, কুমড়া, বেগুনসহ নানা প্রজাতির সবজি। একই সঙ্গে মাছ ও সবজি উৎপাদনের ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে, যা কৃষকদের লাভের পথ আরও প্রশস্ত করছে।

স্থানীয় কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, আগে শুধু মাছের উপর নির্ভর করতাম। এখন ঘেরের আইলে সবজি লাগিয়ে প্রতি মৌসুমে বাড়তি ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। এতে সংসারের খরচে অনেকটা যোগান দেয়।

 

আরেক কৃষক সুফিয়া বেগম জানান, আমি ঘেরের ধারে করলা ও লাউ লাগিয়েছি। বাড়ির কাজের পাশাপাশি এই সবজির পরিচর্যা করতে সমস্যা হয় না। প্রতিদিন কিছু না কিছু বিক্রি হয়, ফলে হাত খরচ মেটানো যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রামপালের প্রায় ৪৬৫ হেক্টর ঘেরের আইলে বিভিন্ন প্রজাতির সবজি চাষ হয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, এই পদ্ধতি শুধু তাদের আয় বৃদ্ধি করছে না, এটি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, সচেতন কৃষকরা মনে করছেন, সরকারের আর্থিক সহযোগিতা ও সঠিকভাবে প্রণোদনা পেলে রামপাল উপজেলা আগামী কয়েক বছরের মধ্যেই একটি ‘আইলভিত্তিক সবজি উৎপাদন মডেল অঞ্চল’ হিসেবে গড়ে উঠবে।


কৃষকরা আরও দাবি করেন, যে প্রণোদনা, বীজ বা ভর্তুকি সরকার কৃষি খাতে দিচ্ছে, তা যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়। এটা নিশ্চিত করা খুব জরুরি। এতে উৎপাদন বাড়বে, কৃষক আরও উৎসাহী হবে।

রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা  ওয়ালিউল ইসলাম বলেন, আমরা কৃষকদের ঘেরের আইলে সবজি চাষে উৎসাহিত করছি। কোনো জমি যেন পতিত না থাকে এবং মাছ চাষও ক্ষতিগ্রস্ত হয় না। বরং একসঙ্গে দ্বিগুণ লাভ হয়। বর্তমানে এই পদ্ধতি রামপালের বিভিন্ন ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে।

তিনি আরও বলেন, এভাবে সবজি চাষে কীটনাশকমুক্ত ফসল উৎপাদনের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা চাই, প্রতিটি ঘেরের আইল সবুজে ভরে উঠুক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা