× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোকায় দিশাহারা আখ চাষি

মনিরুজ্জামান বাবলু, চাঁদপুর

প্রকাশ : ২২ মে ২০২৫ ১৭:২৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৫ ১৭:৩৪ পিএম

পোকায় দিশাহারা আখ চাষি

চাঁদপুরে আখের ফলন ভালো হলেও মাজরা পোকায় দিশাহারা কৃষক। ফসল বাঁচাতে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়া ও কোনো কীটনাশক কাজে আসছে না বলে জানিয়েছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার আখে মাজরা পোকার আক্রমণ ও অন্যান্য বিষয়ে অধিদপ্তরের কর্মীরা সারাক্ষণ মাঠপর্যায়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও ও লোহাগড়Ñ এ দুই গ্রামে জেলার সবচেয়ে বেশি আখের চাষাবাদ হয়। এবার আখ চাষিরা বাড়ন্ত আখে তিন ধরনের পোকার আক্রমণে দিশাহারা। এ অবস্থা পুরো ফরিদগঞ্জ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায়।

সুস্বাদু আর রসালো জাতের এই আখে পোকার আক্রমণ হলে ফলন আবাদের খরচ মেটাতে হিমশিম খেতে হবে বলে চাষিদের আশঙ্কা। এখনই পোকার আক্রমণ রোধ করা না গেলে একটা সময় পুরো আখটাই পচে বিনষ্ট হবে বলে তাদের শঙ্কা।

মদনপুর গ্রামের আখ চাষি আমান উল্লাহ বলেন, ‘চাঁদপুর জেলা আখ চাষের জন্য বিখ্যাত। ফরিদগঞ্জ থানার মদনপুর গ্রাম এখানে প্রচুর আখ চাষ হয়। এমনকি এখানের আখ খুবই সুস্বাদু। এখন যেসব আখের মধ্যে মাজরা পোকা, সেমি পোকাসহ আরও নাম না জানা অনেক পোকা আক্রমণ করে। এর প্রতিরোধে আমরা যে কীটনাশক ব্যবহার করি, তা তেমন কাজে আসছে না। দুঃখজনক হলো আমরা সরকারি ও বেসরকারি কোনো পক্ষ থেকেই সহযোগিতা পাচ্ছি না।

আখ চাষি লোকমান হাওলাদার বলেন, ‘একটা পোকা আছে সাদা সাদা, এই পোকাটা পাতাগুলা দলা করে ফেলে, মুচড়িয়ে দলা করে নেয়। আরেকটা পোকা হলো কালা পোকা, এই পোকাটা সরাসরি যায় আখের ভেতরে। আখগুলাকে নষ্ট করে ফেলে। আরেকটা পোকা হলো এই পোকা সব পাতা খেয়ে খেয়ে ভেতরে ঢুকে যায়। এই তিন জাতের পোকা। একটা পোকা আক্রমণ করলে প্রতিটি আখের মধ্যেই আক্রমণ করে। সাদা পোকাগুলোই বেশি আক্রমণ করে।’ 

বাগাদী এলাকার আখ চাষি কবির মিজি বলেন, ‘আখের মধ্যে আমাদের এই সেমি পোকা ভেতরে কাটে, কাইটা আখের ডিগটাই নষ্ট করে ফেলে। কৃষি বিভাগ তো কোনো ব্যবস্থাই নেয় না, কৃষি বিভাগের লোক আমরা দেখিও না।’

আরেক চাষি রবিউল আলম বলেন, ‘ধরেন দুই একর আখ চাষ করেছি। এখন খরায় আখের পাতা শুকিয়ে যাচ্ছে। এখন পোকার জন্য সমস্যায় আছি। কৃষি দপ্তরের কেউই এসে দেখে না। এখন পোকের ওষুধ দেব কদিন পর। পোকা ধরলে আখের গোড়া নষ্ট হয়ে যাবে, আখটা খেতে পারবে না, শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে।’

এবার আখে মাজরা পোকার আক্রমণটা একটু বেশি। মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত কৃষকদের পরামর্শ দিতে উপ-কৃষি কর্মকর্তারা দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আবাদ। 

তিনি বলেন, ‘এ বছর চাঁদপুরে ৬৭৭ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। এই আখটা মূলত ফরিদগঞ্জ এবং চাঁদপুর সদরÑ এই দুই উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়। তবে এ বছর আখের মাজরা পোকার আক্রমণটা একটু বেশি দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা এবং মাঠপর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এতে কৃষকা মাজরা পোকার আক্রমণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।’ 

কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আরও বলেন, ‘পরবর্তী সময়ে আখে আরেকটা রোগ হয়, যেটা রেডজোন, সে ব্যাপারে আমরা কৃষকদের আগাম প্রস্তুতিমূলক পরামর্শ দিচ্ছি; যাতে তারা আখ সহজে ঘরে তুলতে পারে। যেহেতু আখ একটা লাভজনক ফসল, উচ্চমূল্যের ফসল। আমরা কৃষকদের সঙ্গে ছায়ার মতো লেগে আছি। আখ কাটা পর্যন্ত তাদের সঙ্গে আমরা থাকব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা