× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মইরা গেছি গা বাপু, আংগর চালান ওঠে না’

শফিকুল ভূঁইয়া শফি, সরিষাবাড়ী (জামালপুর)

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম

‘মইরা গেছি গা বাপু, আংগর চালান ওঠে না’

‘আমি এইবার মোট ২ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। একটা চারা কিনতে আমার খরচ হয়েছে ৬ টাকা। দুই বিঘা জমিতে আমার মোট খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এ পর্যন্ত ১০ হাজার টাকা ঘরে তুলতে পারি নাই। মইরা গেছি গা বাপু, আংগর চালান ওঠে না।’

একবুক হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন জামালপুরের সরিষাবাড়ীর সেঙ্গুয়া হাটখোলা হাটে আসা ফুলকপি চাষি তোফাজ্জল হোসেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বলার দিয়ার গ্রামের বাসিন্দা। 

সরেজমিনে সম্প্রতি উপজেলার আরামনগর, সেঙ্গুয়া হাটখোলা, সানাইকইর বাজার ঘুরে জানা যায়, আলু প্রতি কেজি আগে ছিল ৩০ টাকা, এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। পেঁয়াজ ৫০ টাকা ছিল, এখন ৪০ টাকা। টমেটো প্রতি কেজি আগে ৩০ টাকায় বিক্রি হলেও এখন ২০ টাকা। কাঁচামরিচ ৪০ টাকা কেজি, গাজর প্রতি কেজি ৫০ টাকা থাকলেও এখন ৪০ টাকা। রুইমাছ প্রতি কেজি ৩০০ টাকার স্থলে এখন ২৯০ টাকা, ছোট মাছ কেজিপ্রতি ৬০০ টাকা বিক্রি হলেও এখন ৫৫০ টাকা, সরপুঁটি প্রতি কেজি ২২০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২৪০ টাকার স্থলে এখন ২২০ টাকা। মাংসের ক্ষেত্রে গরুর মাংস প্রতি কেজি এখনও ৮০০ টাকা। সয়াবিন তেল আগে ১৮০ টাকা থাকলেও এখন ২০০ টাকা, ডাল ১১০ থেকে বেড়ে এখন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত ১৫ দিন ধরে উপজেলার সবক’টি বাজারে সবজিসহ ফুলকপির দামে এমন ধস নেমেছে যে বাজারগুলোতে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ২ থেকে ৪ টাকায়, বাঁধাকপিরও একই অবস্থা। সবজির দাম কম তবুও মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের দাবি বাজারে শীতকালীন সবজির আমদানি বেশি হওয়ায় সব সবজির দামই কম। 

ফুলকপি চাষি শাহিনুর বলেন, আমি ২০ শতক জমিতে ফুলকপি আবাদ (চাষ) করেছি। ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হলেও মাত্র ২ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছি। ফুলকপি এখন গরুও খাচ্ছে না। ফুলকপি তুলে ধান লাগাব কিন্তু বিক্রি না হওয়ায় ক্ষেত পরিষ্কার করতে পারছি না। জমির ফুলকপিগুলো এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সবজি বিক্রেতা আলাউদ্দিন বলেন, গত সপ্তাহেও শিম ২০ টাকায় বিক্রি করলেও এখন ১৫ টাকা। বেগুনও আগের সপ্তাহে ২০ টাকা থাকলেও এখন ১৫ টাকা। আলু ২৫ টাকা থেকে নেমে এখন প্রতি কেজি ২০ টাকায় দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি সবজির দামই ৫ থেকে ৭ টাকা করে কমেছে। 

সেঙ্গুয়া হাটখোলা বাজারের ক্রেতা হুমায়ূন কবির বলেন, আমি আজকে দেড়শ টাকায় যে বাজার করলাম তা কিছুদিন আগেও চারশ টাকায় হতো না। বাজারে সব সবজির দামই কমেছে, তবে বেড়েছে মাছ, মাংস তেলের দাম। 

সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, চলতি মৌসুমে উপজেলায় মোট ফুলকপি চাষ হয়েছে ৪৩ হেক্টর, বাঁধাকপি ২৩ হেক্টর, মোট ৮৮০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। শীতকালীন আগাম সবজি যখন রোপণ করে ওই সময় বৃষ্টিতে চারাগাছগুলো নষ্ট হয়ে গেলেও কৃষকরা পুনরায় চাষ করে। এতে উৎপাদন ভালো হয়। এবার উৎপাদন বেশি হওয়ায় বাজারে সবজির দাম কমে গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা