ফেনী সংবাদদাতা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৮:৫২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৯:১৮ পিএম
বীজ ও কৃষি উপকরণ পেয়ে ৩৫০ কৃষকের মুখে হাসি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৩৫০ জন কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসব পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে।
উপজেলার উত্তর যশপুরে মহামায়া ইউনিয়নের সোমবার (২১ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।
মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে ও মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসার মো. সাফকাত রিয়াদ, মহামায়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মামুন।
আলহাজ্ব সুলতান আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে মহামায়া ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে ৫টি শ্যালো মেশিন, ১০টি কীটনাশক স্প্রে মেশিন ও ৩৫০ জনকে এক কেজি করে সরিষা বীজ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের হাতে কৃষি উপকরণ ও বীজ তুলে দেন অতিথিরা।
সুবিধাভোগী কৃষক সালেহ আহমদ জানান, কৃষি উপকরণ, বীজ পেয়ে তিনি অনেক আনন্দিত। পানি সেচ দিতে শ্যালো মেশিন এবং স্প্রে মেশিনগুলো অনেক উপকারে লাগবে। এই বীজগুলো বপণ করে মাঠ থেকে ফলন তুলে আনতে শ্রম দিয়ে যাব।
প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, ‘এই মাটি থেকে আমাদের জন্ম, আবার এই মাটিতেই আমরা বিদায় নেব। মাঝখানে আমাদের রিজিকের ফয়সালা হয় এই মাটি থেকে। সুতরাং এই মাটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্যই কৃষকদের মাঝে এই বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে।’
‘আগামী কয়েকদিনের মাঝে ফুলগাজীতেও আনুষ্ঠানিকভাবে বীজ ও উপকরণ বিতরণ করা হবে। এটি অব্যাহত প্রক্রিয়া। কৃষকদের জন্য আমি কাজ করে যাব। প্রধানমন্ত্রীর ঘোষণা কোনো জমি যেন অনাবাদি না থাকে। এজন্য আমরা মাঠে মাঠে সবুজ ফসল দিয়ে ভরে দিতে চাই। আগামী দিনে কৃষকদের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকব।’