প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৩:১৩ পিএম
টেলর সুইফট।
মার্কিন পপ সুপারস্টার টেলর সুইফট। গানে গানে দুনিয়া জয় করে চলেছেন। বিলবোর্ডে পুরোনো রেকর্ডগুলো ভেঙেচুরে সেগুলো আবার নিজেই নতুন করে লিখছেন। তার গান মাসের পর মাস থাকে জনপ্রিয়তার শীর্ষে।
গানের এ রাজকুমারী অভিনয়ও করেছেন। মুগ্ধতা ছড়িয়েছেন। এবার তিনি সুপারহিরোর চরিত্রে হাজির হতে যাচ্ছেন। এমন জল্পনাই ছড়িয়েছে হলিউডের চারদিকে। হলিউডের একাধিক সংবাদমাধ্যমের খবর, সুপারহিরোদের মার্ভেল ইউনিভার্সে নতুন সংযোজন হতে পারেন সুইফট। ব্লন্ড ফ্যান্টমের চরিত্রে দেখা যেতে পারে বিশ্ববিখ্যাত গায়িকাকে। যদিও টেলর সুইফটের অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে। তবে মার্ভেল সিরিজে সুপারহিরোর চরিত্রে তার অন্তর্ভুক্তি অভিনয় ক্যারিয়ারের বড় একটি ব্রেক হতে চলেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, মার্ভেল প্রেসিডেন্ট কেভিন ফেগের সঙ্গে ইতোমধ্যে সুইফট দেখা করেছেন। এ ব্যাপারে প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। টেলর সুইফটের পাশাপাশি এই নারী সুপারহিরো চরিত্রের জন্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের নামও আলোচনায় ঘোরাফেরা করছে বলে খবর। তবে সুইফটের সুপারহিরো হওয়ার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই প্রবল এক উন্মাদনা তৈরি হয়েছে নেটমহলে। সোশ্যাল মিডিয়া ভরে গেছে টেলর সুইফটের ভক্তদের কমেন্টে। তাদের প্রায় সবাই পছন্দের গায়িকাকে দেখতে চাইছেন বড়পর্দার লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারে। বলার অপেক্ষা রাখে না, ব্লন্ড ফ্যান্টম হয়ে এলে সেই চরিত্রেও বাজিমাত করবেন তিনি।