প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৪ ১০:১৬ এএম
তেলুগু ব্লকবাস্টার ‘পুষ্পা’ ছবির শেষ কিস্তি ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পেতে যাচ্ছে আগস্টে।
তেলুগু ব্লকবাস্টার ‘পুষ্পা’ ছবির শেষ কিস্তি ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পেতে যাচ্ছে আগস্টে। এ ছবি নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকের। আগের কিস্তির মতো এটিও বক্স অফিসে ঝড় তুলবে বলে মনে করা হচ্ছে। বিশ্বজুড়েই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এর অগ্রিম বুকিংও রীতিমতো বাজিমাত করছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের মধ্যে আইকনিক স্টার আল্লু অর্জুনের ও ভারতের নতুন ক্রাশ রাশমিকা মান্দানার এ ছবি নিয়ে উত্তেজনা অনেক।
২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা : দ্য রাইজ’। সেবার তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছিল। শোনা যাচ্ছে, ছবিটি বাংলায়ও এবার ডাবিং হচ্ছে। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। বাংলায় ডাবিং হলেও বাংলাদেশে ছবিটির হিন্দি ভার্সন মুক্তি পাবে
বলে জানান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। এরই মধ্যে ছবিটির ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন মামুন। হিন্দি ভার্সনে এ দেশে ছবিটি মুক্তি দেবেন তিনি। কারণ বিদেশি ছবি আমদানি নীতিমালায় রয়েছেÑকোনো ছবির বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।অনন্য মামুন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুষ্পা ২ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে যদি মুক্তি দিই হিন্দি ভার্সনেই দেব।’
পুষ্পার আগে ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন অনন্য মানুন। এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি।