প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪ ১২:৩৭ পিএম
মুশফিক আর ফারহান।
ছোটপর্দার সুপরিচিত
অভিনেতা মুশফিক আর ফারহান। কয়েক বছর ধরে চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন।
দেখা যায়, প্রতিটি নাটক নিজেকে ভাঙছেন। নানান চরিত্রে নিজেকে উপস্থাপনার চেষ্টা জারি
রেখেছেন বহুদিন ধরে। কখনও সুইপার, কখনও লেগুনাচালক আবার কখনও পোস্টম্যানের ভূমিকায়
অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন। এ শ্রমের বিনিময়ে নতুন এক রেকর্ড গড়লেন সময়ের
চাহিদাসম্পন্ন এ অভিনেতা।
এখন পর্যন্ত মুশফিক
ফারহানের অভিনীত ১০৪টি নাটকের প্রতিটির গড় ভিউ ১ কোটির ওপরে! এ কৃতিত্বে ভক্ত-অনুরাগীদের
শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ফারহান।
এ প্রসঙ্গে মুশফিক ফারহান মনে বলেন, এ কৃতিত্ব আমার দর্শকের এবং প্রতিটি কাজের সঙ্গে যুক্ত সবার। তারা সাপোর্ট না দিলে আমি আজকের এ অবস্থানে আসতে পারতাম না। এজন্য আমার সব ভক্ত-অনুরাগী ও দর্শকের কাছে কৃতজ্ঞতা।’
-664c41321c8e9.jpg)
ফারহান ধন্যবাদ
জানিয়েছেন এসব নাটকে তার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের। তবে ভিউ নাটকের মানদণ্ড নয়Ñএটা
মুশফিক ফারহান নিজেও বিশ্বাস করেন। তার ভাষ্য, ‘ভিউ বেশি হলে একটা ভালো লাগা কাজ করে।
তবে ভিউ হলেই নাটক ভালো, এমনটা বলছি না। আমি ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি
ভালো কাজ উপহার দেওয়ার। আর সে কাজ যখন দর্শক গ্রহণ করে, তখন তৃপ্তি অনুভব করি। কারণ
দিনশেষে আমরা তাদের জন্যই কাজ করি।’
আরজে থেকে এসে
নিজেকে জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুশফিক ফারহান। কীভাবে এলেন অভিনয়ে,
সেই গল্প শোনালেনÑ‘রেডিও নেক্সট’-এর আরজে হিসেবে কাজ করতেন। তখন পরিচয় হলো পরিচালক
মাবরুর রশীদ বান্নাহর সঙ্গে। তিনি উৎসাহ দিলেন, ‘তুমি তো অভিনয় করতে পারো। চলো কাজ
করি।’ আগ্রহ পেলেন না ফারহান। তার কাছে মনে হচ্ছিল অভিনয়টা অনেক কঠিন ব্যাপার। বান্নাহ
সাহস দিলেন। দিন কয়েক পর ডাক এলো অভিনয়ের। প্রথম দিনের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না।
মুশফিক সেই স্মৃতিচারণা করে বলেন, ‘৬০ ফিটে শুটিং করছিলেন বান্নাহ ভাই। হঠাৎ অসুস্থ
হয়ে পড়েন। তিনি হাউসে এসে ঘুমিয়ে পড়েন। আমি এর মধ্যে যাই। গিয়ে তো ডাকতেও পারি না।
বিবেকে বাধল। প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করছিলাম। আমি তো কাউকে চিনিও না। সবাই আমার
দিকে তাকায়। সবাই ভাবছে কী ব্যাপার আমি বসে আছি কেন! ব্যাপারটা আমার জন্য অসহ্য ছিল।
কিন্তু দেখা না করে এলাম না। ওই দিন চলে এলে হয়তো আর অভিনয়ে আসা হতো না। বান্নাহ ভাই
ঘুম থেকে উঠলেন। দেখা করলাম তার সঙ্গে। তিনি তো শুনে অবাক। বললেন, এতক্ষণ অপেক্ষা করেছ!’
বান্নাহর হাত
ধরেই নাটকে আসা। প্রথম নাটক ‘একটি তিন মাসের গল্প’। নাটকের মূল চরিত্রে আফরান নিশো
ও শবনম ফারিয়া। নাটকে নিশোর কলার ধরতে হবে। নিশো তার চেয়ে এত বড় অভিনেতা। তার কলার
ধরতে হবে। কয়েকবার টেক দিতে হয়েছিল। কারণ নিশোর কলার ধরা ঠিকমতো হচ্ছিলই না। হঠাৎ নিশো
রেগে তার কলার ধরলেন। হেসে দিয়ে বললেন, ‘এভাবেই কলার ধরতে হবে বুঝছ?’
নিয়মিত অভিনয়
করে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অভিনয়ের কিছুই জানতাম না। অভিনেতা হব সেই ইচ্ছেও
ছিল না কখনও। নিয়তি আমার জন্য এ সৌভাগ্য নির্ধারিত রেখেছিলেন, তাই এত এত মানুষের ভালোবাসা
নিয়ে কাজ করে যাচ্ছি। এখানে কাজ করতে এসে এ জগতের প্রেমে পড়ে গেছি। এখন ইচ্ছে করলেও
ছাড়তে পারব না। গেল ঈদে অনেক নাটকে অভিনয় করে আনন্দ পেয়েছি। নাটকগুলো থেকে বেশ ভালো
সাড়া পেলাম। আসছে ঈদ উপলক্ষেও অনেক কাজ করা হবে। ভালোবাসা নিয়ে এভাবেই থেকে যেতে চাই।’
মুশফিক ফারহান
জানান, তার অভিনীত ভুলনা আমায়, পারব না ভুলতে তোকে, মাই ডিয়ার লিডার, শুধু তোমার
জন্য, আমার হয়ে থেকো, একবার বলো ভালোবাসি, সেই তুমি, ওয়েডিং ক্রাশ, সুইট প্রবলেম,
লাফাঙ্গা, কলিজার আধখান, তুই আমারই, নিউলি ম্যারিড এ নাটকগুলো কোটি ভিউর তালিকায় শীর্ষ
রয়েছে।