× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় মুখোমুখি ছোটপর্দার দুই নায়িকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ১০:৫০ এএম

বড়পর্দায় মুখোমুখি মুখোমুখি হতে যাচ্ছেন ছোটপর্দার দুই তারকা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও তাসনিয়া ফারিণ। প্রবা কোলাজ

বড়পর্দায় মুখোমুখি মুখোমুখি হতে যাচ্ছেন ছোটপর্দার দুই তারকা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও তাসনিয়া ফারিণ। প্রবা কোলাজ

বছরজুড়ে এখন সিনেমা মুক্তির বেলায় ঈদকেই টার্গেট করেন প্রযোজক ও পরিচালকরা। তাই অন্যান্য সময়ে হলগুলো থাকে সিনেমার খরায়। যেমন গেল সপ্তাহে কোনো ছবিই মুক্তি পায়নি। হল চলছে পুরোনো সিনেমা দিয়েই। এর মধ্যে ঈদের রাজকুমার এগিয়ে। পাশাপাশি গেল ১০ মে মুক্তি পাওয়া আহমেদ হুমায়ূন পরিচালিত ‘পটু’ সিনেমাটিও চলছে দেশের বিভিন্ন হলে।

তবে আসছে সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আর সেই সিনেমা দিয়ে মুখোমুখি হতে যাচ্ছেন ছোটপর্দার দুই তারকা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও তাসনিয়া ফারিণ। ২৫ মে মুক্তি পাবে স্পর্শিয়া অভিনীত ‘সুস্বাগতম’ সিনেমাটি। আর ফারিণ সিনেমা হলের পর্দায় আসতে যাচ্ছেন বহুল আলোচিত ‘ফাতিমা’ সিনেমা নিয়ে। দুটি আলাদা ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন এই দুই তারকা।

সম্প্রতি দুটি ছবিরই ট্রেলার উন্মোচিত হয়েছে। এর মধ্যে ফারিণ অভিনীত ফাতিমা ছবিটির ট্রেলার পাচ্ছে বেশ প্রশংসা। ছবিটি ইতোমধ্যে ইরানের বিখ্যাত ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়ে আলোচনায় রয়েছে। ‘সুস্বাগতম’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। এটি পরিচালনা করেছেন শফিকুল আলম। বনবীথি মুভিজ প্রযোজিত সিনেমাটি প্রেমের হলেও একজন নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্ন ঘিরে। সেই নারী চরিত্রেই দেখা যাবে স্পর্শিয়াকে। গেল বছর অভিনেত্রী রোজিনার পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক ‘ফিরে দেখা’ সিনেমায় দেখা গিয়েছিল স্পর্শিয়াকে। সে সিনেমায় গ্রামের সাদাসিধা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। জুটি বেঁধেছেন অভিনেতা নিরব হোসেনের সঙ্গে। স্পর্শিয়ার অভিনয়ে বেশ মুগ্ধ হয়েছেন দর্শক। প্রায় এক বছর পর তিনি প্রেক্ষাগৃহে আসতে চলেছেন। এবারও তার নায়ক নিরব। ছবিটি নিয়ে বেশ আশাবাদী স্পর্শিয়া। তিনি বলেন, ‘আমি অপেক্ষা করছি ছবিটি হলে গিয়ে দেখার। অনেক পরিশ্রম করে এ ছবিতে কাজ করেছি। এর গল্পটাই মূল নায়ক আমি মনে করি। দর্শক মুগ্ধ হবেন। বারবার দেখতে চাইবেন। আমার যে চরিত্রটি সেটি সবার মন ছুঁয়ে যাবে। চেষ্টা করেছি সেভাবেই কাজ করতে। গ্রাম ও শহরের গল্প উঠে এসেছে এ ছবিতে। নির্মাতা বেশ গুছিয়ে যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন।’

আবারও নিরবের সঙ্গে পর্দায় হাজির হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নিরবের সঙ্গে এর আগে একটি সিনেমায় কাজ করেছি, আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই সুস্বাগতমে আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালক কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।’

তিনি তাসনিয়া ফারিণের মুখোমুখি হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি এটাকে ইতিবাচক ভাবনা থেকেই দেখছি। আমরা চাই আমাদের সবার সিনেমাই হলে যেন দর্শক পায়। কোনো প্রতিযোগিতায় যেতে চাই না। আর ফারিণ খুবই মেধাবী। ভালো কাজ করছে সে। তার সিনেমার জন্য শুভেচ্ছা রইল।’

এখন পর্যন্ত নিশ্চিত হয়নি ঠিক কতগুলো হলে মুক্তি পাবে সুস্বাগতম। পরিচালক জানান, ঢাকার সিনেপ্লেক্সগুলোসহ দেশের বড় হলগুলোতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

এদিকে তাসনিয়া ফারিণ অভিনীত ফাতিমা নির্মাণ করেছেন ধ্রুব হাসান। তিনি জানান, তার ছবির শুটিং শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে। নানা কারণে এটি মুক্তি দিতে দেরি হয়েছে। আসছে শুক্রবার দেশজুড়ে সিনেমাটি মুক্তি দিতে চান। পাশাপাশি বিদেশেও প্রবাসীদের কাছে পৌঁছে দিতে চান তিনি ফাতিমাকে।

প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ফাতিমা ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। এরপর দর্শক সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী হয়েছেন। সেই আগ্রহ দেখে উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণ। অভিনয়জীবনের শুরুর দিকে এই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তাই এর প্রতি আবেগটাও অন্য রকম। ফারিণ বলেন, ‘এই সিনেমা দিয়েই আমি চলচ্চিত্রের কাজ শুরু করেছিলাম। তাই এটা আমার কাছে একটি ইমোশন। খুব সুন্দর একটি গল্প আছে ছবিতে; যা দর্শকের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি। আমাদের ছবির সঙ্গে আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে, এটিকে আমি আনন্দের উপলক্ষ বলেই মনে করছি। পথচলায় সঙ্গী পাওয়ার মতোই আনন্দ বলতে পারেন। দুটি ছবিই আমাদের, দুটি ছবিই যেন ভালো চলে, সেই প্রত্যাশা করি।’

ফাতিমা ছবিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা