মহিউদ্দিন আলী মাহি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১৪:৩৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২২ ১৫:৫২ পিএম
‘বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারদিকে। মন দিয়ে আমরা কখনও তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়’—জীবনকে ভালোবেসে এমন অসংখ্য কালজয়ী বাণী দিয়ে গেছেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ।
তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতাপরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। আজ তার ৭৫তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা।
সে তালিকায় আছেন অভিনেতা লুৎফর রহমান জর্জ। প্রতিদিনের বাংলাদেশকে এ তারকা জানিয়েছেন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। ভাগ করে নিয়েছেন নানা স্মৃতি।
অভিনেতা লুৎফর রহমান জর্জ বলেন, ‘আমি দেখতাম অনেকেই তাকে এসে স্যার বলে ডাকতেন। আমি আমার মতো ভাই বলতাম। আমি মঞ্চের লোক, আমরা বড়দের ভাই ডাকি, ছোটদের তুই। তাই তার সাথে আমার বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক ছিল। খুব বেশি কাজ করার সুযোগ হয়তো হয়নি আমাদের। তবে আমরা দুজনই দুজনকে ভালোবাসতাম, সম্মান করতাম।’
লেখক হুমায়ূনকে কীভাবে দেখেন জর্জ? তিনি জানান, ‘হুমায়ূন আহমেদ লেখক হিসেবে অনেকের কাছেই প্রিয় একজন। আমাকে এক দিন শুটিংয়ে হুমায়ূন ভাই প্রশ্ন করেন, আমি তার বই পড়ি কি না? উত্তরে আমি বলি, ‘আপনার দুই-একটা বই আমি পড়েছি। আমার মনে হয়েছে বইগুলো শুধু তরুণদের জন্য। তাই আর পড়িনি।’ এরপর তিনি আমার কথা শুনে হেসে দেন। তার সঙ্গে আমার খুব বেশি আড্ডা দেওয়ার সুযোগ হয়নি। তিনি তার আড্ডায় আমাকে যোগদান করতে বলতেন। আমি যেতাম না।
জানতাম, তার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসত। তার আড্ডা একটু অন্যরকম ছিল। তাই আমি এড়িয়ে যেতাম। কখনও মন খুলে তার সাথে আমার কথা বলা হয়নি। তবে তিনি খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন। আমার কাছে তার এই বিষয়টিই মনে হতো দুর্বলতা। পুরুষদের মন এত নরম হলে হয় না।’
‘হুমায়ূন আহমেদের পরিচালনায় ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করেছি। এরপর হুমায়ূন আহমেদের লেখা ও বরকত উল্লাহর পরিচালনায় “কোথাও কেউ নেই” নাটকে “মজনু” চরিত্রটি করে আমার ক্যারিয়ারের সেরা জনপ্রিয় কাজটি করা হলো’—যোগ করেন লুৎফর রহমান জর্জ।