প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১০:৩২ এএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১৫:৫৮ পিএম
নিলয় আলমগীর ও সামিরা খান মাহি।
একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করে ছোটপর্দার জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। তাদের নাটকগুলো বরাবরই পেয়েছে দর্শকের ভালোবাসা। নতুন খবর হলো, আবারও নতুন নাটকে একসঙ্গে দেখা যাবে এ দুজনকে। আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বেশ কিছু নাটকেই তারা জুটি হয়ে হাজির হবেন।
তার মধ্যে শেষ করেছেন একটি নাটকের কাজ। এ নাটকের নাম ‘তোমার সাথে আড়ি’। অনামিকা মণ্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন সময়ের ব্যস্ত পরিচালক জিয়াউদ্দিন আলম।
মাহবুব আলমের প্রযোজনায় নাটকটি নির্মাণ হয়েছে সিডি ভিশনের ব্যানারে। নির্মাতা জিয়াউদ্দিন আলম জানান, বিয়েবাড়ির ঘটনা কেন্দ্র করে এ নাটকের গল্প শুরু হয়। সেখানে দেখা যাবে- বরপক্ষের রাফি ও কনেপক্ষের কণার মধ্যে বিয়েবাড়ির গেটের টাকাপয়সা নিয়ে নানা রকম মজার কাণ্ড ঘটতে থাকে। সম্পর্কে তারা দুজনই বেয়াই ও বেয়াইন। কিন্তু একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গল্প নতুন মোড় নেয়।
নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, ‘এর আগেও নিলয়ের সঙ্গে কাজ করেছি আমি। তবে প্রথমবার অভিনেত্রী মাহির সঙ্গে কাজ হলো। তিনি খুবই আন্তরিক একজন অভিনেত্রী। নিজের কাজটা খুব মন দিয়ে করেন। দারুণ একটা কাজ হয়েছে। দর্শক ঈদে যে ধরনের কাজ পছন্দ করেন এটা তেমনই বলতে পারি। আশা করি আমার অন্য নাটকগুলোর মতো এটাও দর্শকের ভালো লাগবে।’
এ নাটকে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, রকি খান, বাপ্পি আশরাফ, সেলজুক তারিক, সেঁজুতি খন্দকারসহ ২৫ জন ছেলেমেয়ে। নাটকটির শুটিং হয়েছে উত্তরার একটি শুটিং হাউসে।