প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪ ১১:৩৩ এএম
‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ সিনেমায় স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ।
সিনেমায় দর্শক নেই। বৈচিত্র্যময় গল্প ও নির্মাণের মুনশিয়ানা দিয়ে দর্শক হলে ফেরাতে নানা রকম এক্সপেরিমেন্ট চলছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের শিল্পী ও কলাকুশলী যোগ করেও প্রযোজকরা সিনেমায় লগ্নি করা টাকা ফেরত পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। অনেক সিনেমাতেই দেখা যাচ্ছে নতুন নতুন জুটি। সে ধারাবাহিকতায় ঢালিউডে আরও একটি জুটির অভিষেক হতে যাচ্ছে।
‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ নামের ছবিতে নায়িকা হিসেবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নাম ঘোষণা এসেছিল গেল বছরই। ছবিটিতে এ অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। এরপর কেটে গেছে প্রায় আট মাস। অনেক নামই আলোচনায় এসেছে। অবশেষে অফিসিয়ালি জানা গেল ছবির নায়কের নাম।
সবকিছু ঠিক থাকলে ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ সিনেমায় স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।
প্রযোজনা সংস্থা সূত্র বলছেন, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা।
সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে এর দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল এ সিনেমায় স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।
আলতাবানু কখনো জোছনা দেখেনি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এর পরিচালক হিমু আকরাম। তার সঙ্গে যৌথভাবে আছেন মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
প্রসঙ্গত, শরীফুল রাজ এ সময়ে ইন্ডাস্ট্রির ব্যস্ত ও আলোচিত একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গেল রোজার ঈদে তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ও মিশুক মণির ‘দেয়ালের দেশ’। তিনটি সিনেমা দিয়েই প্রশংসিত হয়েছেন রাজ। বর্তমানে তার অভিনীত ‘কবি’সহ আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। সে সিনেমা দিয়েই ঢালিউডে পা রাখেন অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করেন এফআই মানিক। আলতাবানু কখনো জোছনা দেখেনি ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের ‘ওয়ান ইলেভেন’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।