প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৮:১৭ পিএম
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয় করছেন ‘ফাতিমা’ নামের নতুন সিনেমায়। এটি নির্মাণ করছেন ধ্রব হাসান। ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।
এ ছবির জন্য গান তৈরি করেছেন চিরকুট ব্যান্ডের পাভেল আরীন। তিনি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন। এ গানের কথা লিখেছেন ‘অন্তর্হীন’, ‘আহারে জীবন’ গানের গীতিকার চিরকুটের ভোকাল সুমি। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল।
‘আমি শুধু যে তোমার’ শিরোনামে টাইটেলে গানটি দিয়ে চিরকুট ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন।
গানটি নিয়ে সুমি বলেন, ‘পাভেলের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হচ্ছিল তখন কোনালের নামটি প্রস্তাব হয়। রেকর্ডিংয়ের পর গানটা শুনে ভীষণ ভালো লাগে। দারুণ গেয়েছেন কোনাল। গানটি নিয়ে আমরা তাই ভীষণ আশাবাদী।’
কোনাল বললেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। অনেক বছরের পরিচয় হলেও তাদের সঙ্গে প্রথমবার কোনো ফিল্মে গাওয়ার অভিজ্ঞতা খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গান ভালো লাগবে।’
সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, ‘এই গানটি বানানোর পরই ভেবেছি, তাকে দিয়েই গাওয়াব। গানটির ভয়েস নেওয়ার পর দেখলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো গেয়েছেন কোনাল। আমিও আনন্দিত সুন্দর গানটি রিলিজ হতে যাওয়ার খবর শুনে।’
২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’। কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়।