প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৬:৫৯ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৭:৪৬ পিএম
দক্ষিণ ভারতের সুপারস্টার তিনি। তার সিনেমা মানেই উপমহাদেশজুড়ে দর্শকের মধ্যে উন্মাদনা। পুষ্পা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি বক্স অফিসে। বলছি আল্লু অর্জুনের কথা। এক বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে ফেঁসে গেছেন তিনি।
আইনি ঝামেলায় পড়েছেন আল্লু। গেল শনিবার (১১ মে) অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রাজনীতি সংশ্লিষ্ট এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে বিপাকে পড়েছেন পুষ্পা খ্যাত এ অভিনেতা।
ভারতের অন্ধ্র প্রদেশের নান্দিয়ালে বন্ধু ও ওয়াই.এস.আর.সি.পি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু। সেখানে প্রিয় অভিনেতাকে একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। তখন বন্ধুর বাড়ির ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আল্লু। এ সময়ে ভক্তরা উচ্চস্বরে পুষ্পা পুষ্পা বলে স্লোগান দেন।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘটনার পর বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ কারণে নির্বাচনী বিধি অমান্য করার জন্য রবিচন্দ্র ও আল্লুর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
এ বিষয়ে আল্লুর ভাষ্য, নিজের বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন তিনি। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না আল্লু। অভিনেতা জানান, তার বন্ধুরা যে ক্ষেত্রেরই হোক না কেন, তাদের সাহায্যে প্রয়োজন হলে তিনি অবশ্যই এগিয়ে যাবেন।