প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৬:৫৪ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৭:৪৪ পিএম
ভারতীয় কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তরুণ বয়সে ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এমনকি বিয়ের দিন-তারিখও ঠিক হয়েছিল তাদের। ছাপানো হয়েছিল বিয়ের কার্ডও। তবে শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়েননি এ প্রেমিকযুগল।
মিঠুনের কারণেই নাকি বিয়েটা হয়নি। কিছুদিন আগে মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার কারণ জানিয়েছেন মমতা। তবে এ বিষয়ে মিঠুনকে সেভাবে কথা বলতে দেখা যায়নি। এবার পুরোনো প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এ অভিনেতা।
সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে উপস্থিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এ মঞ্চে তার ব্যক্তিজীবনের একটি গল্প শোনান তিনি। অভিনেতা বলেন, তিনি দারুণভাবে প্রেমে পড়েছিলেন। প্রেমে পুরো পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু একদিন তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। তারপর সময় বদলায়। তিনি স্টার বনে যান। এরপর হয়ে ওঠেন সুপারস্টার। তারপর আরও বড় স্টার।
এই অভিনেতা আরও বলেন, প্রেম ভেঙে যাওয়ার পর প্রেমিকার সঙ্গে তার বিমানে দেখা হয়। তবে মেয়েটি লজ্জায় মিঠুনের দিকে আর তাকায়নি। তখন তিনি নিজে উঠে গিয়ে তার সাবেক প্রেমিকাকে জিজ্ঞেস করেন, সে কেন তার দিকে তাকাচ্ছে না? লজ্জায় ও অস্বস্তিতে কোনো উত্তর দেয়নি মেয়েটি। মুখ ঘুরিয়ে রেখেছিল।
একপর্যায়ে মিঠুনের ওই প্রেমিকা কিছুটা আশ্বস্ত হন। কথাবার্তাও হয় তাদের। মিঠুন তার প্রেমের বিচ্ছেদ নিয়ে কথা বললেও প্রেমিকার নাম বলেননি। ধারণা করা হচ্ছে, তার এ প্রেমিকা অন্য কেউ নন, বরং মমতা শঙ্কর।