প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১২:২৪ পিএম
চিত্রনায়িকা পূর্ণিমা।
বছরজুড়ে যখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ততায় ডুবে থাকতেন চিত্রনায়িকা পূর্ণিমা, তখন নার্ভাস থাকতেন মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে তার সিনেমার কেমন ফিডব্যাক আসে সেটা ভেবে। সেই পূর্ণিমা এখন নিজেই চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য।
গত রবিবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরকৃত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সেন্সর বোর্ডের নতুন কমিটির বিষয়ে
জানানো হয়েছে। সেই কমিটিতে সদস্য হিসেবে আছে পূর্ণিমারও নাম। খবরটি জানার পর পূর্ণিমা নিজেও সারপ্রাইজড হয়েছেন। বিষয়টিকে তিনি তার ক্যারিয়ারের ‘বড় অর্জন’ বলে মনে করেন।
পূর্ণিমা বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্য হওয়ার চিঠি পেয়ে কিছুটা অবাক হয়েছি। এত বছরের ক্যারিয়ারে এটা বড় প্রাপ্তি ও গর্বেরও! কারণ আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো, তখন কিছুটা নার্ভাস লাগত। জানার আগ্রহ থাকত আমার সিনেমাটি আনকাট পাস হয়েছে কি না। এখন সেই সেন্সর বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারব। এতে সম্মানিতবোধ করছি।’
রুপালি পর্দায় বর্ণিল ক্যারিয়ার পূর্ণিমার। তিনি উপহার দিয়েছেন মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, সুভা, বাধা, মা আমার স্বর্গ, শুভ বিবাহ, স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের সাথে যুদ্ধের মতো ব্যবসাসফল ও
দর্শকনন্দিত সিনেমা। তুলনামূলক সিনেমা কম করলেও গেল কয়েক বছর পূর্ণিমা উপস্থাপনায় বেশ সরব। তার নান্দনিক উপস্থাপনার কাজটি চিত্রনায়িকা কিংবা অভিনেত্রী পরিচয়ের বাইরে নতুন করে পরিচিতি এনে দিয়েছে।
সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘কখনও সেন্সর বোর্ডের সদস্য হতে পারব এটা মনেই হয়নি। ওখানে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি মনে করি না। তবুও আমাকে রাখা হয়েছে এবং সম্মান
জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। এত সম্মানজনক কমিটিতে আমাকে রাখার জন্য তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পূর্ণিমা ছাড়াও আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই সেন্সর বোর্ড কমিটিতে অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেনÑ অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম। এ ছাড়াও রয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম। কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
এ ছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।
সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।