প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১১:০৪ এএম
ছোটপর্দার তারকা অভিনেতা এফএস নাঈম।
‘পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছুই নাই’ -এমন একটি কথা দিয়েই শুরু হয়েছে চরকি অরিজিনাল সিরিজ কালপুরুষের টিজার! এ টিজারটি প্রকাশের পর সবখানে প্রশংসায় ভাসছেন ছোটপর্দার তারকা অভিনেতা এফএস নাঈম। সালজার রহমানের পরিচালনায় সিরিজটি খুব শিগগিরই মুক্তি পাবে চরকিতে। প্রায় ১ মিনিটের সেই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছে যাকে তিনি হলেন অভিনেতা এফএস নাঈম। কেননা এ সিরিজে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সেটা নিয়ে নেট দুনিয়ায় বেশ আওয়াজও লক্ষ করা যাচ্ছে!
সাধারণত ফিট ও স্বাস্থ্যসচেতন একজন অভিনেতা হিসেবে সুনাম আছে নাঈমের। সেই তিনি চরিত্রের প্রয়োজনে বিশাল এক ভুঁড়ি নিয়ে হাজির হলেন পর্দায়; যা খুব সহজেই নজর কেড়েছে দর্শকের।
নাঈম জানান, অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশন এ জার্নিটা আসলে কেমন ছিলÑএমন প্রশ্নে নাঈম বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সে রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেই সঙ্গে প্রায় আট-নয় মাস এ এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল। তারপর শুটিং করা। এ জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল।’
টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। আরও আছেন তানজিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ অনেকে।
পরিচালক সালজার রহমান এর আগে নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র। তবে ওটিটিতে কাজ এ প্রথমই। সিরিজটির গল্প কেমনÑএ প্রশ্নের উত্তরে সালজার বলেন, ‘সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থান দেখা যাবে। একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের (নাঈম) সঙ্গে। সে ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প।’
এদিকে নাঈম শুরু করেছেন নতুন আরেকটি সিনেমার কাজ। প্রসূন রহমান পরিচালিত সে সিনেমার নাম ‘শেকড়’। এতে নাঈমের বিপরীতে দেখা যাবে আইশা খানকে। ছবিটিতে বিদেশফেরত প্রবাসীর চোখে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরা হবে। এ ছবি নিয়ে বেশ আশাবাদী নাঈম। তিনি প্রত্যাশা করছেন, দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসিত হবে শেকড়।