প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১২:৪৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১৩:৪৩ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ১৫ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে সেন্সর বোর্ডের নতুন কমিটি। এখানে অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস এবং প্রযোজক খোরশেদ আলম খসরু এবারেও থাকছেন। এ নিয়ে সেন্সর বোর্ডে অরুণা ছয়বার ও খসরু পাঁচবার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যা সেন্সর বোর্ডের জন্য একটি রেকর্ড।
রবিবার ( ১২ মে) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বোর্ডের নতুন কমিটির বিষয়টি জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল।
নতুন এ কমিটিতে সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে খসরু ছাড়া আরও রয়েছেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম ও পরিচালক জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম।
কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও রয়েছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
এ ছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।