প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১১:০৫ এএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১২:২৮ পিএম
ছবি : সাজ্জাদ হোসেন
অঞ্জন দত্তের অন্যতম জনপ্রিয় গান ‘মালা’। ‘তোমার জংলাপাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল। আজ ১২ মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল’— এমন কথার গানটির সঙ্গে জড়িয়ে আছে কয়েক প্রজন্মের আবেগ ও ভালোবাসা। মে মাসের ১২ তারিখ, দিনটিতে যেন একাকার হয়েছে জন্মদিনের সঙ্গে মালার চলে যাওয়া। এবার মালার জন্মদিন ঢাকায় পালন করলেন অঞ্জন দত্ত।
তবে ১২ মে নয়, এর এক দিন আগে ১১ মে এ উপলক্ষে ঢাকায় গেয়ে গেলেন অঞ্জন। পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শিরোনামের এ বিশেষ কনসার্টে তিনি সুরের বৃষ্টিতে ভেজালেন শ্রোতা-দর্শককে। ছড়িয়ে গেলেন ভালোবাসা।
কনসার্ট শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে। অঞ্জন দত্ত মঞ্চে ওঠেন পৌনে ৯টার পরপর। শুরুতেই তিনি গেয়ে শোনান তারই নির্মিত ‘চালচিত্র এখন’ সিনেমার গান। কলতলার কচকচানি থেকে মধ্যবিত্ত পরিবারের রোজনামচা, ‘চালচিত্র’ ছবিতে তুলে ধরেন পরিচালক মৃণাল সেন। তাতে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। সেই গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অঞ্জন নির্মাণ করেছেন চালচিত্র এখন। সেই সিনেমার গান দিয়েই এবারের কনসার্ট শুরু করলেন অঞ্জন। এরপর তিনি একে একে গেয়ে শোনান প্রায় ১০টি গান। যার মধ্যে ছিল ‘স্যামসাং’, ‘চ্যাপ্টা গোলাপ ফুল’, ‘ম্যারিয়েন’, ‘আমি বৃষ্টি দেখেছি’, ‘বেইলি রোডের ধারে’, ‘বেলা বোস’,
‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি গাইছি এখনও তাই’।
এবারের কনসার্টে অঞ্জন ছাড়া আরও গান করেন ব্যান্ড কাকতাল ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানী। এই কনসার্টের আয়োজন করে অ্যাসেন। সহযোগিতায় ছিল জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস।
এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গেল বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। ওই কনসার্টে আরও ছিলেন আহমেদ হাসান সানি।
আশির দশকের শুরুর দিকে বিনোদনজগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।