প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ০৯:৫৯ এএম
আজ সিলেট মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও বাগধারা।
পূর্বের ঘোষণা অনুযায়ী আজ সিলেট মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল। তাদের সঙ্গে থাকবে বাগধারাও। তবে এই কনসার্টে পারফর্ম করা তাদের জন্য হৃদয়বিদারক ব্যাপার হতে যাচ্ছে। কারণ ১১ মে ভোরে এই সিলেটেই কনসার্ট করার উদ্দেশে রওনা দেয় অড সিগনেচার ব্যান্ড। এক সড়ক দুর্ঘটনায় ব্যান্ডের তিন সদস্য মারাত্মক আহত হন এবং প্রাণ হারায় ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল। সংগীতের জন্য শোক নিয়ে আসা এই শহরেই গান গাওয়াটাকে বেদনার বলে মনে করছেন শিবু- সুমনরা।
এই কনসার্ট আয়োজন করেছে দ্যা ব্যান্ড কমিউনিটি সিলেট। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে ভেন্যু লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস, রাগীবনগর, সিলেট।
কনসার্ট নিয়ে মেঘদলের গিটারিস্ট রাশিদ শরীফ শোয়েব বলেন, ‘প্রতিটি কনসার্টই আমাদের জন্য আনন্দের। কারণ এই আয়োজনের মাধ্যমে আমরা দর্শকের সবচেয়ে কাছে যেতে পারি। তবে এবারের সিলেট সফরটি আমাদের জন্য অন্য সফরের মতো নয়, হৃদয়বিদারক হতে যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন ১১ মে আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান ভোকালিস্ট ও গিটারিস্ট সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যে এই শহরেই গান করতে আসছিলেন। কিন্তু বাচ্চু ভাই বলে গেছেন দ্য শো মাস্ট গো অন। তাই আমাদের গাইতেই হবে।’
মেঘদলের বর্তমান সদস্যদের মধ্যে আছেনÑ শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন, রাশিদ শরীফ শোয়েব, আমজাদ হোসেন, এম জি কিবরিয়া, তানভির দাউদ রনি ও সৌরভ সরকার।
মেঘদল ও বাগধারা ছাড়াও কনসার্টে পারফর্ম করবে সিলেটের স্থানীয় দুটি ব্যান্ড।