প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৫:৪৬ পিএম
মোজেজা আশরাফ মোনালিসা।
ছোটপর্দার নন্দিত অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। মডেল হিসেবে পথচলা শুরু করেছিলেন। মোহনীয় চাউনি, ভুবন ভোলানো হাসিতে রাতারাতি জয় করে নেন দর্শকের মন। তার বিজ্ঞাপনগুলোও উপভোগ্য হয়ে উঠেছিল। ধীরে ধীরে নিয়মিত হন অভিনয় ও নাচে। তার অভিনীত নাটকগুলো আজও দর্শককে বিনোদিত করে। অনেক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।
ক্যারিয়ারের শুরু থেকেই রোমান্টিক আমেজের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মোনালিসা। হয়ে ওঠেন অঘোষিত জাতীয় ক্রাশ। সেই মোনালিসা হঠাৎ দেশ ছেড়ে চলে যান। আসে তার বিয়ের ঘোষণাও। স্বপ্নের মানুষটি এভাবে দূরে সরে গেল ভেবে অনেক ভক্তই কষ্ট পেয়েছিলেন। বেশ লম্বা বিরতির পর দেশে ফেরেন মোনালিসা। যোগ দেন কাজেও। স্বস্তি আসে তার অনুরাগীদের অন্তরে। তখনই স্পষ্ট হয়, জীবনের তাগিদে যুক্তরাষ্ট্রে থিতু হলেও নানা উৎসব-পার্বণে দেশে ফিরবেন তিনি। কাজও করবেন।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও দেশে ফিরলেন মোনালিসা। ৯ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আয়োজনে যোগ দেন। সেখানেই গণমাধ্যমকর্মীদের অভিনয়ে ফেরার ইঙ্গিত দেন। বলেন, ‘আমি দেশকে মিস করি। আমি জানি আমার যারা ভক্ত আছেন তারাও মিস করেন আমাকে। তারা সব সময় পর্দায় আমাকে দেখতে চান। এ কারণেই দেশে আসা। আমার ইচ্ছে আছে, ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করব। ইনশা আল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।’
-66408fb63c62b.jpg)
এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্র থেকে তিন মাসের ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয়ও করেছেন। ছুটি কাটিয়ে আবার ফিরে যান। তারপর আরও কয়েক দফা দেশে আসেন। কাজ করে ফিরে গেছেন প্রতিবার। এবারও ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে মোনালিসাকে। তিনি জানান, বেশ কিছু প্রস্তাব নিয়েই ফিরেছেন। সেগুলোর কাজ আগে শেষ করবেন। তারপর নতুন কাজের গল্প ও চরিত্র পছন্দ হলে করবেন।
এখন তো ওটিটির যুগ। এখানে ভালো কাজ হচ্ছে। মোনালিসাকে ওটিটিতে দেখা যাবে কি নাÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু চমক আছে। শিগগিরই জানা যাবে। কাজের মাধ্যম যা-ই হোক, আমি ভালো কাজের সঙ্গে থাকতে চাই। এখন সিনেমাও হচ্ছে খুব ভালো। দেশে-বিদেশে আমাদের সিনেমার বাজার বেড়েছে। অনেকে ভালো কাজ করছেন। শাকিব খান তো বাজিমাত করে যাচ্ছেন। আসছে ঈদে তুফান আসছে তার। টিজার দেখলাম। আমার কাছে বেশ জমজমাট লেগেছে। মনে হচ্ছে ছবিটি হলে ঝড় তুলবে।’
২০১৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান মোনালিসা। সংসারজীবনে তাদের বিচ্ছেদ হলেও সেই থেকে ব্যক্তিজীবনে যুক্তরাষ্ট্রেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রামপ্রধান হিসেবে। বর্তমানে কর্মরত কিকো মিলান নামে একটি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে।