প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ১১:৫১ এএম
আপডেট : ১১ মে ২০২৪ ১৩:২০ পিএম
অঞ্জন দত্তের অন্যতম জনপ্রিয় গান ‘মালা’। ‘তোমার জংলাপাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল। আজ ১২ মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল’-এমন কথার গানটির সঙ্গে জড়িয়ে আছে কয়েক প্রজন্মের আবেগ ও ভালোবাসা। মে মাসের ১২ তারিখ, দিনটিতে যেন একাকার হয়েছে জন্মদিনের সঙ্গে মালার চলে যাওয়া।
এবার মালার জন্মদিন ঢাকায় পালন করবেন অঞ্জন দত্ত। তবে ১২ মে নয়, এর এক দিন আগে ১১ মে এ উপলক্ষে ঢাকায় গাইবেন অঞ্জন। পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হবে ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শিরোনামের এ বিশেষ কনসার্ট। এতে গান শেষে এদিন কেক কেটে উদ্যাপন করা হবে মালার জন্মদিন। কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গাইবেন ব্যান্ড কাকতাল ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।
আয়োজকরা জানান, এরই মধ্যে কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে। থাকছে স্পন্সর বুথ ও নানান কর্মসূচি। আরও থাকছে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল।
এ কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন। সহযোগিতায় রয়েছে জির্কুনিয়ামি ও আর্কলাইট ইভেন্টস।
এ কনসার্ট প্রসঙ্গে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’
কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকাল ৫টায়। আর্কলাইট ইভেন্টস ছাড়াও এ আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন ও জার্কুনিয়াম নামে দুটি প্রতিষ্ঠান। গেট সেট রক ওয়েব সাইটে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে এ কনসার্টের টিকিট। দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা (সাধারণ) এবং ৩ হাজার টাকা (ভিআইপি)।
এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। সেখানে আরও ছিলেন আহমেদ হাসান সানি।
আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শককে। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।