× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তবু আলোকিত হীরামান্ডির নারীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৪:৫১ পিএম

তবু আলোকিত হীরামান্ডির নারীরা

সঞ্জয়লীলা বানসালি মানেই দারুণ কিছু। সিনেমার রঙিন পর্দা যেন আরও বেশি রঙিন হয়ে ওঠে তার হাত ধরে। শিল্প সেখানে বাদশাহি গোলাপ হয়ে ফোটে। বড়পর্দায় যখন যা বানিয়েছেন তা-ই গ্রহণ করেছে দর্শক। পেয়েছেন প্রশংসা ও ভালোবাসা। এমনই সাফল্যে বর্ণিল তার ক্যারিয়ার। বিশেষ করে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশাল আয়োজনে সিনেমা বানানোর দিক দিয়ে তিনি অনন্য। বড়পর্দায় তুলে এনেছেন ভারতীয় ইতিহাসের বহু আকর্ষণীয় গল্প-ঘটনা।

সেই সঞ্জয় এবার নির্মাণের লীলায় বাজিমাত করলেন ওটিটি দুনিয়ায়। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’। বরাবরের মতো এ নির্মাণেও প্লট হিসেবে ইতিহাসের আশ্রয় নিয়েছেন বানসালি। আর স্বভাবজাত বৈশিষ্ট্যের জন্য পাচ্ছেন প্রশংসা। সমালোচনাও হচ্ছে।

অনেকেই বলছেন, হীরামান্ডিতে ইতিহাস বিকৃত করা হয়েছে। এ ছাড়া সিরিজের অন্যতম মুখ্য চরিত্র আলমজেবের ভূমিকায় শারমিন সেগালকে নেওয়ার কারণে স্বজনপোষণের অভিযোগও উঠেছে। কারণ বানসালির কাছের মানুষ শারমিন। সিনে সমালোচক থেকে সাধারণ দর্শকÑঅনেকের কাছ থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া মিলছে। অন্তর্জালে এর সামগ্রিক রেটিং এখন ১০-এর মধ্যে মাত্র ৬.৫! সমালোচক সুমিত কাড়েল সিরিজটিকে ‘মহাকাব্যিক হতাশা’ বলে কটাক্ষ করেছেন।

এমন মিশ্র প্রতিক্রিয়া আর বিতর্কের মাঝেও নেটফ্লিক্সে দাপট দেখাচ্ছে হীরামান্ডি। সমালোচনা পেরিয়ে হীরামান্ডির নারীরা সাফল্যের লাল গালিচায় পা রেখেছেন। প্রথম সপ্তাহেই এটি বৈশ্বিকভাবে সর্বোচ্চ ভিউ পাওয়া ভারতীয় সিরিজ হয়ে গেছে বলে জানালেন বক্স অফিস ও সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ। তার ভাষ্য, ‌‘সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ হীরামান্ডি নেটফ্লিক্সের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বানসালির এ উপহার এখন বৈশ্বিকভাবে সর্বোচ্চ ভিউ পাওয়া ভারতীয় সিরিজ। মুক্তির মাত্র এক সপ্তাহে অন্তত ৪৩ দেশের টপ-১০ চার্টে অবস্থান করছে সিরিজটি।’

এদিকে ফোর্বসের প্রতিবেদন থেকে জানা গেল, নন-ইংলিশ সিরিজগুলোর মধ্যে নেটফ্লিক্সে এখন ভিউর দিক দিয়ে হীরামান্ডির অবস্থান দ্বিতীয়। এক সপ্তাহে সিরিজটি দেখেছে ৪৫ লাখের বেশি দর্শক। যেটার ওয়াচটাইম ৩৩ লাখ ঘণ্টা!

দীর্ঘ ১৮ বছর ধরে হীরামান্ডি নির্মাণের স্বপ্ন বুনেছেন বানসালি। বিস্তর আয়োজনের সেটসজ্জায় হয়েছে শুটিং। ৩০০ কেজির বেশি গহনা ছিল অভিনেত্রীদের জন্য। যেগুলো মুক্তা, পান্না, হীরা দিয়ে তৈরি। হীরামান্ডিতে অবিভক্ত ভারতের লাহোরের এক গণিকালয়ের গল্প উঠে এসেছে। যে গণিকালয়ের গল্পের চরিত্রদের হাত ধরে উঠে এসেছে প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতি। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি, শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফারদিন খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা