× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় কামারের সিনেমা ‘অন্যদিন...’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১৪:১১ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম

ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় কামারের সিনেমা ‘অন্যদিন...’

এবার ফ্রান্সের ফেস্টিভ্যাল অব থ্রি কন্টিনেন্টস উৎসবের আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে অস্কার হটস্পট ক্যামডেনে হ্যারেল অ্যাওয়ার্ড বিজয়ী কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র ‘অন্যদিন...’।

১৯৭৯ সাল থেকে প্রতি বছর নভেম্বরের শেষে ফ্রান্সে আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়াএ তিন মহাদেশের ছবি নিয়ে বসছে ‘ফেস্টিভ্যাল অব থ্রি কন্টিনেন্টস’-এর আসর।

বছরের গুরুত্বপূর্ণ ও আলোচিত ফিকশন, নন-ফিকশন ফিচার ছবি দেখানো হয় এ উৎসবে। যেগুলো রুপালি পর্দায় পশ্চিমা হেজিমনির বাইরে এক অন্য দুনিয়ার গল্প বলে। এবারের এ আসরে তিন মহাদেশের প্রায় ৯০টি থেকে আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ১০টি সিনেমা। যেখানে বাংলাদেশের কামারের ‘অন্যদিন...’-এর সঙ্গে আছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, ভিয়েতনাম, মিয়ানমার, ভারত, জাপান, কাতার ও ইরানের ছবি।

লন্ডন ফিল্ম উইকের টপ টেন ফেস্টিভ্যাল লিস্টের অন্যতম আমস্টারডামে ইডফার মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে দুনিয়ার সবচেয়ে সুন্দর থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে গত নভেম্বরে বিশ্ব অভিষেক হয়েছিল ‘অন্যদিন...’-এর। এরপর নিউইয়র্কে মিউজিয়াম অব মুভিং ইমেজ (মমি), ওয়ারশ, সিডনি, ভ্যানকুভার, ক্যামডেন হয়ে সর্বশেষ জুরিখে ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন আই’ নমিনেশন পেয়েছিল কামারের সিনেমাটি।

কিন্তু মজার ব্যাপার হলো, প্রায় একই সময়ে কানাডার আরেক গুরুত্বপূর্ণ উৎসব আর আইডিএমের আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতায়ও নির্বাচিত হয়েছে ‘অন্যদিন...'। কানাডার মন্ট্রিয়ালে আর আইডিএমে চলবে নভেম্বরের ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত, আর ফ্রান্সের নন্তে ফেস্টিভ্যাল অব থ্রি কন্টিনেন্টসে চলবে ১৮ থেকে ২৭ তারিখ। দুই উৎসব আয়োজকদের পক্ষ থেকে নিমন্ত্রণ পেলেও পিঠাপিঠি দুটি উৎসব আর কানাডার ভিসা জটিলতায় মন্ট্রিয়ালে যাওয়া নিয়ে শঙ্কা ছিল কামারের। তবে কানাডার ঢাকাস্থ হাইকমিশনের তৎপরতায় সেই শঙ্কা কেটে গেছে। গতকালই ভিসা হাতে পেয়েছেন কামার। সঙ্গে সঙ্গেই দুই উৎসব আয়োজক সম্মিলিতভাবে পাঠিয়েছে ঢাকা থেকে মন্ট্রিয়াল হয়ে সরাসরি ফ্রান্সের নন্তে পৌঁছানোর বিমান টিকিট।

১৯৯৮ সাল থেকে হয়ে আসা আর আইডিএম হলো উত্তর আমেরিকার অন্যতম প্রধান একটি নন-ফিকশন উৎসব; যেখানে প্রতি বছর তাবৎ দুনিয়া থেকে বাছাই করা সেইসব আর্টিস্টিক ছবি দেখানো হয় যেগুলো সিনেমার ভাষাকে নতুন করে আবিষ্কার করে। উৎসবে দেখানো হবে এ রকম শতাধিক ছবি থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি সিনেমা, যার মধ্যে বাংলাদেশ থেকে কামারের ‘অন্যদিন...’ ছাড়াও আছে আর্মেনিয়া, স্পেন, পর্তুগাল, প্যারাগুয়ে, রোমানিয়া, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফিলিস্তিন ও ইসরায়েলের সিনেমা।

অন্যদিন... কামার আহমাদ সাইমনের হাইব্রিড ছবি, যেটাকে ফিকশন, নন-ফিকশন দুই ঘরানায় দেখা যায়। দুই উৎসবের প্রতিক্রিয়ায় কামার বলেন, ‘হাইব্রিড ছবির ধারণাটা আমাদের এখানে নতুন। এটা যতটা না টেকনিক্যাল তার চাইতে কনসেপচুয়ালি অনেক বেশি জটিল। বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অন্যদিন..., জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ বানিয়েছিলাম একেবারে সুন্দরবনে ভদ্রা নদীর পাড়ে। অন্যদিন... করেছি সেই ভদ্রা পাড় থেকে ঢাকা পর্যন্ত জালের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকা নদীগুলোর ওপর ভেসে ভেসে। এরপর ‘আরও কিছু জীবন’ বানানোর ইচ্ছা একেবারে উত্তরবঙ্গে নদী উপত্যকায়।

আসলে আমি যে জনপদে, যে সময়ে জন্মেছিলাম সেই সময়, সেই জনপদের একটা ছাপচিত্র বানানোর ইচ্ছা থেকেই এ জলত্রয়ী; চারুকলায় যেটাকে বলে প্রিন্টমেকিং।’

অন্যদিন... কামারের জলত্রয়ীর দ্বিতীয় ছবি। এ ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে লোকার্নো ওপেন ডোর্স অ্যাওয়ার্ড ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়ে পিয়াতজা গ্রান্দায় প্রথম কোনো বাংলাদেশি নির্মাতা হিসেবে রেড কার্পেট পরিচালকের সম্মাননা পেয়েছিলেন কামার আহমাদ সাইমন।

এর আগে প্যারিসের জর্জ পম্পিদ্যু সেন্টারে সিনেমা দ্যু রিলে শ্রেষ্ঠ ছবির জন্য গ্রাপ্রি ও মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ জয় করে জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা