প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪ ১০:১১ এএম
সংগীতশিল্পী মমতাজ বেগম।
বাংলা নতুন বছরের শুরুতেই বাউলসম্রাজ্ঞী, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম যুক্তরাষ্ট্র যান। সেখানে টানা এক মাসের বেশি সময় কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন। যুক্তরাষ্ট্র থেকে মমতাজ জানান, এরই মধ্যে গেল ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে একটি শোতে অংশগ্রহণ করেছেন তিনি। এরপর গেল ২০ এপ্রিল কানেকটিকাটে আরেকটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছেন মমতাজ। ফ্লোরিডার অর্লেন্ডোতেও একটি শোতে গান করেন তিনি।
সেই সূত্রে এবারের জন্মদিনটা কেটেছে তার পরিবার-পরিজনদের ছাড়াই, বিদেশের মাটিতে। তবে সেখানকার প্রবাসীদের ভালোবাসায় আপ্লুত মমতাজ। সবার আতিথেয়তা, গানের প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এই বরেণ্য শিল্পী।

তিনি জানান, আরও বেশ কিছু শো তার বাকি রয়েছে। সেগুলো শেষ করেই দেশে ফিরবেন। মমতাজ জানান, আগামী ১০ মে শুক্রবার টেনেসিতে একটি, ১১ মে ভার্জিনিয়াতে একটি, ১২ মে ফ্লোরিডার টেম্পাতে একটি শোতে পারফর্ম করবেন তিনি। আগামী ১৭ মে জ্যামেইকাতেও একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন মমতাজ। এর দুদিন পরই দেশে ফিরবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই শিল্পী। গেল ২ মে যুক্তরাষ্ট্রের নিউজার্সির ফ্যাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় তাকে। সেদিন সম্মাননাপত্রটি হস্তান্তর করেন নিউজার্সির একমাত্র বাংলাদেশি আমেরিকান নারী কাউন্সিলওম্যান শিফা উদ্দিন। শিফা তার বক্তব্যে বলেন, ‘মমতাজ বেগম নারীদের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য বাংলাদেশের সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।’
সম্মাননাপ্রাপ্তি এবং টানা সাতটি শো প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, ‘মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো স্বীকৃতি নেই। মানুষের ভালোবাসার কারণেই আজকের মমতাজ আমি। আমার গানের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে টাইম স্কয়ারে সংগীত পরিবেশন করার সময় বাড়িয়ে দেওয়া হয়। এটা আমি কোনো দিন ভুলব না। ধন্যবাদ জানাই আমাকে নিউজার্সিতে সম্মাননা প্রদান করার জন্য। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
‘যুক্তরাষ্ট্রে এসে এবার যে ভালোবাসা পাচ্ছি তার কোনো তুলনা হয় না। এরই মধ্যে গেল ৫ মে ছিল আমার জন্মদিন। এখানে যারা আমার সঙ্গে আছেন সবাই তাদের ভালোবাসা দিয়ে আমাকে সিক্ত করেছেন। তবে পরিবারের সবাইকে খুব মিস করছি। দেশে ফেরার পর হয়তো দিনটি উদযাপন করা হবে’- যোগ করেন মমতাজ।
তিনি জানান, দেশে ফিরেও বেশ কিছু স্টেজ শোতে ব্যস্ত হবেন। কিছু নতুন গানও তৈরি হচ্ছে মমতাজ কণ্ঠ দেবেন বলে। এর মধ্যে আছে সিনেমারও গান।
মমতাজের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘তেজপাতা’। গানটির সুর ও সংগীত করেছেন তাপস। সিনেমায় মমতাজের সর্বশেষ গাওয়া আলোচিত গান মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’।