প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৪ ০৯:৫৮ এএম
বলিউড অভিনেতা রজনীকান্ত।
গোটা ভারতের ‘থালাইভা’ তিনি, যার মানে নেতা। তিনিই প্রথম প্যান-ইন্ডিয়ান তারকার খ্যাতি লাভ করেছিলেন। কাশ্মির থেকে কন্যাকুমারী, তিনি ‘দ্য গ্রেট রজনীকান্ত’। তাকে নিয়ে মিমেরও নেহাত অন্ত নেই এবং মজার ব্যাপার, সমস্ত মিমে তিনিই শ্রেষ্ঠ। ঘুরিয়ে-ফিরিয়ে চোখে সানগ্লাস তোলা হোক বা দুর্দান্ত সংলাপ বিনিময়- সবকিছুতেই তিনি অনন্য। তার নিজের কায়দাই আলাদা। অনুরাগীদের শ্রদ্ধা-আদরের থালাইভার একার উপস্থিতিই পর্দায় দর্শক টানতে যথেষ্ট।
এবার পর্দায় উঠে আসবে তারই বর্ণিল ও অবিশ্বাস্য রকমের সফল জীবনের গল্প। অর্থাৎ দেখা যাবে তার বায়োপিক। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেই সেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে সেই প্রতিবেদনে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়। কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তার পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য অথবা চিত্রনাট্যে এতটুকু ঘাটতি না থাকে।
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, বেঙ্গালুরুর মারাঠি পরিবারে জন্ম নিয়েছিলেন রজনীকান্ত। পুরো নাম শিবাজি রাও গায়কোয়াড়। কিংবদন্তি মারাঠি যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের নামে তার নামকরণ হয়। বাড়িতে তিনি মারাঠি ও কন্নড় ভাষা শিখে বড় হয়েছেন। মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ে ডিপ্লোমা করার সময় তামিল শেখেন তিনি। অভিনয় জগতে পা রাখার আগে তিনি বাস কন্ডাক্টরের কাজ করতেন তা সবারই জানা। তবে তিনি যে কুলি ও কাঠমিস্ত্রি হিসেবেও কাজ করেছেন, তা অনেকেরই অজানা। দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রুপালি পর্দায় পা রেখেছিলেন খলনায়কের চরিত্রে অভিনয় দিয়ে। ১৯৭৭ সালে প্রথম ইতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি। প্রায় ৫০ বছর ধরে তার কর্মজীবনে রজনীকান্ত প্রায় ১৭০-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। মজার তথ্য হলো, সবাই যার অভিনয়ে মগ্ন, সেই রজনীকান্তের কাছে অনুপ্রেরণা হচ্ছেন অমিতাভ বচ্চন। বিগ বির ১১টি ছবির তামিল রিমেকে কাজ করেছেন তিনি।
পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত রজনীকান্ত জায়গা করে নিয়েছিলেন ২০১০-এর ‘ফোর্বস ইন্ডিয়া মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল’-এর তালিকায়।