প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৩:৫৩ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪ ১৪:০৮ পিএম
মেসে থাকে দুই ভাই। ফেসবুকে একটি বড়লোক ঘরের মেয়ের সঙ্গে পরিচয় হয় তাদের। মেয়েটিকে বোকা বানিয়ে কোটিপতি হতে চায় তারা। মেয়েটির সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিলু। তার প্রেমে বিভোর হয় মেয়েটিও। একসময় এ চক্কর বুঝে ফেলে সে। উল্টো বোকা বানিয়ে দেয় তাদের। দিলু-মিলুদের চক্রান্ত বুঝতে পেরে ওদের ফেসবুকে ব্লক মেরে দেয় নামিরা। ব্লক মেরে দেয় আরিফ হককে। তারপর কী হয়?
এমনই গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক আলম আসাদ। নাটকের নাম ‘ব্লব’। অলিভ আহমেদ প্রযোজিত নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফ হক। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন নামিরা আহমেদ। প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। নাটকটি রচনা করেছেন আশরাফ উল আলম।
নাটকে আরিফ হকের চরিত্রটির নাম দিলু। তার বিপরীতে জুঁই চরিত্রে অভিনয় করেছেন নামিরা। আরিফ হকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ফাহিম মালেক ইভান। নাটকে যার চরিত্রটির নাম মিলু। এতে আরও অভিনয় করেছেন সুমনা সোমা, সাফিজ মামুন প্রমুখ।
অলিভ আহমেদের প্রযোজনায় ও আলম আসাদের পরিচালনায় টানা এক ডজন নাটকের হিরো হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফ হক। সেই প্রজেক্টের প্রথম কাজ ব্লক।
আরিফ হক বলেন, ‘৫০টির বেশি গল্প থেকে বাছাই করে ১২টি গল্প নিয়ে কাজ শুরু করেছেন প্রযোজক অলিভ আহমেদ। তারই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ব্লকের শুটিং।’
নাটকটির পরিচালক আলম আসাদ বলেন, ‘বর্তমান সময়ের ছেলেমেয়েরা নিজেদের প্রতিষ্ঠিত না করে বড়লোক প্রেমিক-প্রেমিকার ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত হতে চায় এবং এরপর বিড়ম্বনা। এ হাস্যরস নিয়ে নাটকটি বানানোর চেষ্টা করেছি।’
প্রযোজক অলিভ আহমেদ বর্তমানে বাংলাদেশি-আমেরিকান প্রবাসীদের নিয়ে বেশ কিছু প্রোডাকশন সম্পূর্ণ করেছেন। এর মধ্যে এসএ হক অলিকের শত ডলার, মা এখন আমেরিকায়, রওনক হাসান ও নোভা অভিনীত এক ঘণ্টার শাস্তি, মিলা হোসাইনের রাতসহ ১০টির মতো খণ্ডনাটক দিয়ে প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, ‘নতুন করে বেশ কিছু কাজের পরিকল্পনা করেছি। সেগুলো শিগগিরই নির্মাণ করা হবে। আশা করি আমাদের এবারের আয়োজনগুলোও বরাবারের মতো দর্শকের মন জয় করবে।’
উল্লেখ্য, এর আগে আরিফকে দেখা গেছে সেই ক্রিকেট নিয়ে নিষিদ্ধ বিজ্ঞাপন ‘ব্যাম্বো ইজ অন’-এ। তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনগুলো হলো ‘হাতে হ্যারিকেনটা বাংলাদেশ থেকে ধরিয়ে দিল’, ভাষার বিজ্ঞাপন ‘কি বুইলছো আকাশের মা’ বা ‘চোখ বন্ধ করলেই অফিস’। অভিনয় করেছেন মিজনুর রহমান আরিয়ান, আশীষ রায়ের মতো পরিচালকের নাটকে। তার অভিনীত ধারাবাহিক মাছরাঙা টিভির ‘উড়াল পঙ্খী’, গ্লোবাল টিভির ‘সংসার’। এরই মধ্যে পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিফ হক। মুক্তির অপেক্ষায় আছে তিনটি।
অন্যদিকে একুশে টেলিভিশন ও দীপ্ত টেলিভিশনের উপস্থাপক নামিরা। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। নাট্যদল দেশ নাটকের সঙ্গে যুক্ত আছেন আরিফ হক। সম্প্রতি অভিনয় করেছেন ফাহিম মালেক ইভানের নির্দেশনায় ‘পারাপার’ নাটকে। বর্তমানে কোরবানি ঈদের কিছু নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।