প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪ ১৭:৩৫ পিএম
পুরুষদের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ২০১৩ সালে শোবিজে পা রাখেন ইরফান সাজ্জাদ। এর পর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন ছোট ও বড় পর্দায়। গেল কয়েক বছরে নাটক এবং ওটিটিতে সমানতালে অভিনয় করে যাচ্ছেন অভিনেতা। এর বাইরে সিনেমায়ও সময় দিচ্ছেন। এর মধ্যে দুটি সিনেমা তার মুক্তির অপেক্ষায় রয়েছে।
এবার জানা গেল আরও এক নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ‘আমদানি’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করবেন বিপ্লব হায়দার।
ঈদুল আজহার পর সিনেমাটির শুটিং শুরু হবে জানিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘এ সিনেমার গল্পটাও অসাধারণ। এ পরিচালকের সঙ্গে আমি এর মধ্যেই দুটি সিনেমার কাজ শেষ করেছি এবং আরেকটি শুরু করতে যাচ্ছি। প্রতিটির গল্পই আলাদা এবং ভিন্ন। এখনই এটা নিয়ে বিস্তারিত কিছু বলছি না। শুধু এটুক বলি, এটার জন্য আমাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে, নিজেকে একটু ট্রান্সফরমেশন করতে হবে। এখন সেটার চেষ্টাই করছি।’
তবে সিনেমাটিতে ইরফানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, এখানে নায়িকা কলকাতা থেকে নেওয়ার চেষ্টা চলছে।
ইরফান বলেন, ‘চমৎকার একটি গল্পের জন্য সিনেমাটিতে কাজ করতে যাচ্ছি। আমার বিশ্বাস দর্শকের এটি মন ভরাবে।’
ইরফান সাজ্জাদ এর আগে ‘ভালোবাসা এমনই হয়’ শিরোনামে সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তানিয়া আহমেদের পরিচালানায় সিনেমাটিতে ইরফানের নায়িকা ছিলেন বিদ্যা সিনহা মিম।
এর মধ্যে বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ ও ‘ভয়াল’ নামে দুটি সিনেমার কাজ শেষ করেছেন ইরফান।