বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৮:৫২ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৯:১৮ পিএম
স্বামীর সঙ্গে পরীমনি
মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দীন সেলিমের ‘গুণিন’ ছবির সেটে অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী পরীমণির সম্পর্ক গড়ে ওঠে। সেখানেই প্রেম। সেই প্রেম গত বছরের ১৭ অক্টোবর বিয়েতে গড়ায়। নানা ঘটনার মধ্যেও সুখে-আহ্লাদেই কাটছে রাজ-পরীর দাম্পত্য জীবন।
এবার সেই সংসারে আসতে চলেছে নতুন অতিথি। চলতি বছরের শুরুর দিকে জানা যায়, পরীমণি সন্তানসম্ভবা। দেখতে দেখতে মা হওয়ার খুব কাছেই চলে এসেছেন এই আলোচিত নায়িকা।
তাই নতুন অতিথিকে বরণের তোড়জোড় চলছে। রাজ-পরী দুজন মিলে তাদের অনাগত সন্তানের জন্য কেনাকাটা করেছেন। সেখানে পোশাক, জুতা, গোসলের বাথটাব, বিছানা-বালিশ থেকে শুরু করে রয়েছে নানা রকম প্রসাধনী ও শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র।

সেসব জিনিসপত্রের ছবি পরীমণি তার ফেসবুকে শেয়ার করেছেন তার লাখ লাখ ভক্তের সঙ্গে। আর তাতেই আভাস মিলছে, পুত্র সন্তানই আসতে চলেছে রাজ-পরীর সংসারে। কেনাকাটার ছবি দেখে অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন পুত্র সন্তান হওয়ার।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীমণির পারিবারিক এক সূত্রে জানা গেছে, পরীমণি দুয়েক সপ্তাহের মধ্যেই সন্তানের মুখ দেখতে যাচ্ছেন। সেই সন্তানের নামও ঠিক করে রেখেছেন তারা।