× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান নিয়ে দেশে দেশে শাকিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৫:২৯ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৬:০৪ পিএম

গান নিয়ে দেশে দেশে শাকিরা

স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকের জন্য নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছেন পপ তারকা শাকিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কলম্বিয়ান এই গায়িকা। সানডে টাইমসের সাক্ষাৎকারে শাকিরা বলেছেন, ‘দীর্ঘ সময় আমি জেরার্ডের পাশে থাকার জন্য আমার ক্যারিয়ার আটকে রেখেছিলাম, যাতে সে ফুটবল খেলতে পারে। আসলে প্রেমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি।’

বিচ্ছেদের সেই বিষাদের দিন কাটিয়ে উঠেছেন ওয়াকা ওয়াকাখ্যাত এই গায়িকা। নিজেকে সামলে নিয়ে নানা প্রতিকূলতার পথ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। নতুন অ্যালবামের ঘোষণা দেওয়ার পর এবার গান নিয়ে বিশ্ব সফরে বের হচ্ছেন বলেও জানান তিনি।

সম্প্রতি কোচেলা ভ্যালি ফেস্টিভালে উপস্থিত হন তিনি। সারা বিশ্বের মানুষ এই সংগীত উৎসবের জন্য অপেক্ষা করে। সেখানে হাজির হয়ে দর্শককে ধন্যবাদ জানিয়ে শাকিরা বলেন, ‘এই প্রথম আমরা কোচেলায় এসেছি। আমার পতাকা নিয়ে এখানে উপস্থিত হওয়াটা আমার জন্য সম্মানের এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

সেখানে বিশ্ব সফরে যাওয়ার ঘোষণা দিয়ে শাকিরা জানান, চলতি বছরের শেষদিকে শুরু হবে তার সফর। মূল উদ্দেশ্য নতুন অ্যালবাম ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ (নারীরা এখন আর কাঁদে না) এর প্রচার। পাঁচ বছরের মধ্যে এটাই হবে তার প্রথম ট্যুর।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকের উদ্দেশে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় শাকিরা বলেন, ‘অবশেষে আমরা সফরে যাচ্ছি। নভেম্বরে এখান থেকে শুরু করছি!’ 

তার ঘোষণায় চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তরা। শাকিরা বলেন, ‘এখানেই শুরু, এ নভেম্বরে, এ শহরে! আর অপেক্ষা করতে পারছি না!’

তবে কোন কোন দেশ সফর করবেন শাকিরা সেই শিডিউল এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিশ্বের বড় বড় শহরে যাবেন তিনি। যার মধ্যে ফ্রান্স, জার্মানি, জাপান অন্যতম। 

সর্বশেষ ২০১৭ সালে ‘এল ডোরাডো’ নামের অ্যালবাম বাজারে আসে শাকিরার। দীর্ঘ সাত বছর পর গত মার্চে নতুন অ্যালবাম নিয়ে আসেন এ গায়িকা। দীর্ঘ এ বিরতির জন্য শাকিরা দায় চাপান জেরার্ড পিকের ঘাড়ে। তার ভাষায়, পিকে যাতে তার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারেন, সেজন্য তিনি নিজের কাজে বিরতি দিয়েছিলেন; কিন্তু সেই ত্যাগের ফলাফল ‘শূন্য’। বিচ্ছেদের আগে পিকের বার্সেলোনার বাড়িতে থাকতেন শাকিরা। এর মধ্যে বিপুল অঙ্কের কর ফাঁকির মামলাতেও ফেঁসেছেন তিনি। কিছুদিন আগে বার্সেলোনার বাড়ি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গ্রামি অ্যাওয়ার্ডজয়ী শাকিরা দুই সন্তান নিয়ে এখন থাকেন মিয়ামিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা