প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৭:১৩ পিএম
চলতি বছরের মেগা রিলিজ হতে চলেছে ‘পুষ্পা টু’।
চলতি বছরের মেগা রিলিজ হতে চলেছে ‘পুষ্পা টু’। ছবিতে আল্লু অর্জুনের
লুক রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানাও। ২০২১ সালে ‘পুষ্পা’
রেকর্ড হিট করেছিল বক্স অফিসে। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন।
সঙ্গে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি
জুটির অন স্ক্রিন রসায়ন। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছবিটি। তেলেগু-তামিল
ছাড়াও হিন্দি, মালায়ালিসহ একাধিক ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা।
মুক্তির আগেই তুলকালাম এ ছবি নিয়ে। বক্স অফিসে এরই মধ্যে বেশ মজবুত
প্রভাব বিস্তার করেছে সুকুমার পরিচালিত ছবিটি।
আল্লু অর্জুনের জন্মদিনে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। সেটা প্রকাশ্যে
আসতেই একেবারে হইহই কাণ্ড পড়ে গিয়েছে। ইতোমধ্যেই ১০০ কোটি রুপিতে নেটফ্লিক্সে ছবির
স্বত্ব বিক্রি হয়েছে। এটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সিনেমার কাজ শেষ হওয়ার আগেই ২০০
কোটি রুপিতে হলস্বত্ব বিক্রির বিষয়টি সবাইকে চমকে দিয়েছে। উত্তর ভারতের অন্ধ্রপ্রদেশ
এবং তেলেঙ্গানায় ছবিটির ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। তার জন্য ২০০ কোটি রুপি কালেকশন
করেছে ছবিটি। একই অঞ্চলে প্রভাস ও দীপিকা জুটির কল্কি ছবির অগ্রিম বুকিংও বেশ ভালো।
তাদের ছবিটি আয় করে নিয়েছে ১০০ কোটি রুপিরও বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, রেকর্ড মূল্যে পুষ্পা টু
সিনেমার উত্তর ভারতের হলস্বত্ব কিনেছেন ‘এএ’ ফিল্মসের কর্ণধার অনিল থাদানি। অনিলের
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির উত্তর ভারতের হলস্বত্ব
বিক্রি হচ্ছে রেকর্ড ২০০ কোটি রুপিতে।
বেশ জোরেশোরেই পুষ্পা টু ছবির ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিশ্বজুড়ে
এ ছবির মুক্তিপূর্ব আয় ১ হাজার কোটি রুপি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। আর এতে করে সিনেমাটির
মোট আয় কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার অপেক্ষা।
মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিংস দ্বারা যৌথভাবে প্রযোজিত, ‘পুষ্প : দ্য রুল’-এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রীপ্রসাদ। চিত্রগ্রাহক মিরোস্লো কুবা ব্রোজেক।