প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১১:৫১ এএম
ইলিয়ানা ডি ক্রুজ। ছবি : সংগৃহীত
‘দো অউর দো পেয়ার’। মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি সিনেমা। এতে অভিনয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। মা হওয়ার পর এটাই ‘বরফি’ খ্যাত ইলিয়ানার প্রথম ছবি। ব্যক্তিগত ছুটি কাটিয়ে আবারও শুরু করলেন ক্যারিয়ার, নতুন উদ্যমে। সদ্যই মুক্তি পেল ছবিটির ট্রেলার। এখানে ইলিয়ানার সঙ্গে আরও দেখা গেল বিদ্যা বালান, প্রতীক গান্ধী ও সেন্ধিল রামমূর্তিকে।
ছবিটি পরিচালনা করেছেন শীর্ষ গুহঠাকুরতা। ইতোমধ্যেই এই ছবি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু ছবিতে দেখা যাবে কোন গল্প?
৬ এপ্রিল মুক্তি পেয়েছে দো অউর দো পেয়ার ছবির ট্রেলার। এই ছবির ট্রেলার শুরুই হয় এক বিবাহিত জুটিকে দেখিয়ে, যেখানে বিদ্যা বালান এবং প্রতীক গান্ধীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তারা একসঙ্গে থাকেন যেমন আর পাঁচটা বিবাহিত জুটি থাকে। কিন্তু একসঙ্গে থাকার পরেও তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
তারপরই দেখা যায় ওই জুটি আদতে পরকীয়ায় লিপ্ত সেন্ধিল এবং ইলিয়ানার সঙ্গে। তারা দুজনেই যেন ইলিয়ানা আর সেন্ধিলের সঙ্গে একেবারে আদর্শ পরকীয়ার জুটি। কিন্তু গল্পের মোড় আচমকাই ঘুরে যায় যখন বিবাহিত জুটিটা আবারও একসঙ্গে ভালো সময় কাটাতে শুরু করে, একসঙ্গে ঘুমায়, নানা মুহূর্ত উদযাপন করতে শুরু করে। সবটা মিলিয়ে একটা তালগোল পাকানো পরিস্থিতি তৈরি হয়। তারপর কী হয় এই রোমান্টিক ছবিতে, সেটা নিয়েই দো অউর দো পেয়ার ছবির গল্প।
এদিন ইলিয়ানা ট্রেলারটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বিদ্যা বালানও সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার শেয়ার করেছেন। তিনি ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করে লেখেন, ‘তৈরি হয়ে যান। কারণ দো অউর দো পেয়ারের সঙ্গে মজা এবং রোমান্সকে ডাবল করার সময় এসে গেছে।’
ছবিটি আগামী ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে। এটি একটি কমেডিতে ভরপুর রোমান্টিক ছবি।