প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৬:৪০ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৮:১৩ পিএম
এবারের ঈদে ধামাকা নিয়ে আসছে দেশের জনপ্রিয় চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। দুটি সিনেমা নিয়ে ঈদ উৎসবে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। সিনেমা দুটির নাম ‘পটু’ ও ‘মোনা : জ্বিন ২’। তার মধ্যে ‘মোনা : জ্বিন ২’ নিয়ে এতদিন বেশ সরব ছিল জাজ। সেই ছবিটি অনেক আগেই পেয়েছে সেন্সর ছাড়পত্রও।
এবার ‘পটু’ সিনেমার মুক্তির জন্য অনুমতি পেল প্রতিষ্ঠানটি। জানা গেছে, আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে ছবিটিকে। বুধবার (৩ এপ্রিল) প্রযোজকের হাতে এসেছে সেন্সর বোর্ডের সার্টিফিকেট।
এর আগে ৯ ফেব্রুয়ারি বিকালে ঈদের সিনেমা ‘পটু’র ফার্স্ট লুক প্রকাশ করে জাজ। তখন এ ছবির ক্যাপশনে জানান, নতুন ঈদের সিনেমাটি নিয়ে আসছে নতুন ধরনের গল্প। নতুন আর পুরোনোর সংমিশ্রণে এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করতে দেখা যাবে কোনো সুপারস্টারকে নয়, চর অঞ্চলের একঝাঁক অভিনয়প্রেমীকে।
আহমেদ হুমায়ুন পরিচালিত ‘পটু’ সিনেমার পটু কিন্তু বাস্তব জীবনেও পটু এর মতোই। মানে চর অঞ্চলের গরিবের ছেলে কিন্তু কী দুর্দান্ত অভিনয়, যেন গোবরে পদ্ম ফুল, এমনটাই দাবি জাজের।
এদিকে সেন্সর ছাড়পত্র পাওয়ায় স্বস্তি প্রকাশ করে অভিনেতা ইভান সাইর বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম সেন্সর সার্টিফিকেটের জন্য। সেটা হাতে এসেছে। এখন জাজের কর্ণধার আব্দুল আজিজ ভাই সিনেমাটি নিয়ে তার পরিকল্পনা মাফিক এগুবেন। ‘পটু’ নিয়ে আমাদের ঈদ উৎসব শুরু।’
পরিচালক জানান, আগামীকাল প্রকাশ হবে ‘পটু’ সিনেমার ট্রেলার। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমাটির মুক্তির বিস্তারিত তুলে ধরবে এর টিম।