বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৫:০৬ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৫:১৭ পিএম
বলিউডের তিন প্রজন্মের তিন তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। তারা হলেন অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। একসঙ্গে এ তিনজনকে প্রথমবার ‘দ্য ক্রু’ নামে একটি সিনেমায় দেখা যাবে।
নারীকেন্দ্রিক এ সিনেমাটি পরিচালনা করবেন অনিল কাপুরকন্যা রেহা কাপুর। সিনেমায় তিন অভিনেত্রীকে বিমানসেবিকার ভূমিকায় দেখা যাবে। ছবির প্রযোজনা যৌথভাবে করছেন একতা কাপুর ও রেহা কাপুর।
রেহা কাপুর এর আগে ‘ভিরে দি ওয়েডিং’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। সেটিও নারীকেন্দ্রিক ছিল। যেখানে কারিনা ছাড়াও অভিনয় করেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। কারিনা ছাড়া সেই প্রজেক্টের এখানে আর কেউ নেই।
নতুন সিনেমা নিয়ে রেহা ভারতীয় গণমাধ্যমকে বলেন, টাবু ও কারিনাকে এক সিনেমায় পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ একজন মানুষ। এ সিনেমায় ওর চরিত্রটার জন্য এমন কাউকেই আমি খুঁজছিলাম। সিনেমাটি নিয়ে ভীষণ রকম উত্তেজিত আমি। আশাবাদী সিনেমাটি সবাইকে খুব মুগ্ধ করবে। এখন শুধু শুটিং শুরুর অপেক্ষায় আমরা।’
এ সিনেমার চিত্রনাট্যের কাজ রেহা শুরু করেছিলেন ভিরে দি ওয়েডিং মুক্তি পাওয়ার পরই। অবশেষে চিত্রনাট্য নিয়ে সিনেমা শুরু করতে চলেছেন অনিলকন্যা।
শুটিং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।
রেহা কাপুর এর আগে ২০১০ সালে ‘আয়শা’ সিনেমা প্রযোজনার মাধ্যমে বলিউডে পা রাখেন। সিনেমাটি বক্স অফিসে খুব বেশি ব্যবসা না করতে পারলেও সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। এরপর ২০১৪ সালে ‘খুবসুরত’ সিনেমা প্রযোজনা করেন তিনি। সিনেমায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে বি-টাউনে প্রথমবার পরিচয় করিয়ে দেন।
এরপর ২০১৮ সালে ভিরে দি ওয়েডিং দিয়ে প্রযোজনা থেকে পরিচালকের ভূমিকায় অভিষেক হয় তার। এবার নিজের দ্বিতীয় সিনেমা দ্য ক্রু নির্মাণ করছেন রেহা।